কুমিল্লায় আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক এইচ.এন.এম শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় তাকে উপজেলার রেজিস্ট্রি অফিস থেকে আটক করা হলেও রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলার বামিশা এলাকার আহম্মেদ আলীর পুত্র বশির আহমেদ বাদী হয়ে ৮৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আইসিএল’র এমডি এইচ.এন.এম শফিকুর রহমানকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করে। গত বৃহস্পতিবার শফিকুর রহমান সদর দক্ষিণ উপজেলার রেজিস্ট্রি অফিসে আসলে বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ তাকে আটক করে। পরে দিনভর অনেক নাটকীয়তা শেষে রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার দেখানো হয়। সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) আবদুল হান্নান আইসিএল’র এমডি এইচ.এন.এম শফিকুর রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
