মানবাধিকার সংগঠন অধিকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দায়িত্বশীল সূত্র থেকে এ খবর পাওয়া গেছে। সূত্র জানায়, গত জুলাই মাসে অধিকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি অভিযোগ দুদকে জমা পড়ে। ঐ অভিযোগে বলা হয়েছে, মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে পাওয়া অর্থ আত্মসাত্ করেছে অধিকার। পরে এ ব্যাপারে অনুসন্ধান শুরু হয়।
উল্লেখ্য, সম্প্রতি মতিঝিলে হেফাজত বিরোধী পুলিশের অভিযানে ৬১ জন নিহত হয় বলে এক প্রতিবেদনে তুলে ধরে অধিকার। ‘মনগড়া তথ্য’ প্রকাশের অভিযোগে গত ১০ আগস্ট রাতে অধিকারের সেক্রেটারি আদিলুর রহমানকে তার বাসা থেকে তথ্য ও প্রযুক্তি আইনে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
দুদক সূত্র জানায়, গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে একটি অভিযোগ জমা পড়ে। ঐ অভিযোগ বলা হয়, মানবাধিকার সংগঠন অধিকার বিদেশি দাতা সংস্থার কাছ থেকে বিভিন্ন প্রকল্প দেখিয়ে টাকা চাইত। অনেক প্রকল্প বাস্তবায়ন না করেও তারা টাকা নিয়েছে। এমনকি অধিকারের অনেক প্রকল্পের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। মানি লন্ডারিংয়ের মাধ্যমে আসা কোটি কোটি টাকা ভুয়া খরচ দেখিয়ে আত্মসাত্ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার এ ব্যাপারে দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।
