শিবপুরের চাঞ্চল্যকর তালেব খাঁ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। শিবপুরের দক্ষিণ জয়মঙ্গল এলাকা থেকে কয়েকশ’ নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জয়নগর ইউপি সদস্য কফিলউদ্দিন, স্থানীয় নেতা কাউছার মিয়া ও কিরন মিয়া প্রমুখ। শিবপুর দক্ষিণ জয়মঙ্গলে আব্দুল মালেক ও রাসেল মিয়া বিধবা রাজিয়া বেগমকে মারধর করে। খবর পেয়ে বিধবার ছেলে তালেব খাঁ মালেকের বাড়ির গেইটের সামনে গিয়ে তার মাকে মারার কারণ জানতে চায়। এরপর আব্দুল মালেক, রাসেল,সালমা বেগম, সুরভী বেগম, নাসিমা আক্তার ও চঞ্চল মিয়াসহ ১০/১১ জন তালেব খাঁকে বাড়ির ভিতরে নিয়ে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নরসিংদী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলা নিলেও ওসি ফিরুজ আল জালাল রহস্যজনক কারণে তালেব হত্যাকারীদেরকে গ্রেফতার করছে না।
পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তার প্রতিবাদ এবং তালেব হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকার শ’ শ’ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
