‘দি ইনক্রেডি-বেল’! গ্যারেথ বেলকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে যুতসই শিরোনাম বোধহয় এটিই। কারণ, প্রভাবশালী স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার কথা মানলে নয় কোটি ৯০ লাখ ইউরো ট্রান্সফার ফির নতুন বিশ্বরেকর্ড গড়ে বেল এরই মধ্যে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। রিয়ালের অফিশিয়াল ওয়েবসাইটে বেলের নামাঙ্কিত ১১ নম্বর জার্সি বিক্রি শুরু হওয়ার বিষয়টিও মার্কার কথারই সত্যতা প্রমাণ করছে।
টটেনহ্যাম হটস্পারস কোচ আন্দ্রে ভিলাস বোয়াস তার দলের সবচেয়ে বড় তারকাটির বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু বলতে রাজি নন। এই পর্তুগীজ বলেন ,‘ মৌসুমের শুরু থেকেই বেলের বিষয়ে কোন কিছু না বলাটাকে আমি যৌক্তিক মনে করছিলাম। আর সে ধারণা থেকে আমি মোটেই সরে আসিনি। তবে আমার লক্ষ্য হচ্ছে শক্তিশালী একটা একাদশ তৈরি করা।’ তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে হোয়াইট হার্ট লেনে নিজের শেষ ম্যাচটা খেলেই ফেলেছেন বেল। কারণ মার্কা বলছে, বেলের ট্রান্সফার ফির অঙ্কের বিষয়ে দুপক্ষই পৌঁছে গেছে ঐকমত্যে। শুধু তাই নয়, রিয়ালের সাথে চুক্তি চূড়ান্ত করতে টটেনহ্যামের টেকনিক্যাল ডিরেক্টর ফ্রাঙ্কো বালদিনি গত বুধবার রাতেই মাদ্রিদ পৌঁছেছেন। এর সঙ্গে রিয়ালের বিষয়ে বেলের আগ্রহের বিষয়টি যোগ করলে সবকিছুই অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে।
রিয়ালও তাই এখন বেলের ব্যাপারে কোন লুকোছাপা রাখতে চাইছে না। ক্লাবের ওয়েবসাইটে বেলের জার্সি বিক্রির বিষয়টিও ইঙ্গিত দিচ্ছে তেমন কিছুরই।
এর আগে প্রাক মৌসুম ম্যাচগুলোতে ১১ নম্বর জার্সিটি খালি রেখে রিয়াল বার বারই বুঝিয়ে দিচ্ছিল টটেনহ্যামের শত উপেক্ষা সত্ত্বেও বেলের পিছু ধাওয়া করতে মোটেই পিছপা হবে না তারা। আর নতুন বিশ্ব রেকর্ড গড়ে তাকে দলে ভেড়ানোর মাধ্যমে শেষ পর্যন্ত তার প্রমাণও রাখলো তারা।
বেলকে দলে ভেড়ানোর মাধ্যমে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ তিনটি দলবদলের রেকর্ডই এখন রিয়ালের দখলে। এর আগে লুইস ফিগোর বিশ্বরেকর্ড ভেঙ্গে ২০০১ সালে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস থেকে ছয় কোটি ৯০ লাখ ইউরোতে ব্লাঙ্কোসদের সাথে নাম লেখান রিয়ালের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর জিনেদিন জিদান। আর ২০০৯ সালে নয় কোটি ৩০ লাখ ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়ে নিজেদের গড়া রেকর্ডটাই আরেকবার ভাঙ্গে ফ্লোরেন্তিনো পেরেজের ক্লাব। এখানেই শেষ নয়, ২০০৭ সালে প্রায় সাড়ে সাত কোটি ইউরোতে ইন্টারমিলান থেকে ইব্রাহিমোভিচকে বার্সেলোনার দলে ভেড়ানোর ঘটনাটি বাদ দিলে লা লিগায় সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ডের বাকি রেকর্ডগুলোও রিয়ালের দখলেই। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবটির সেই রেকর্ডগুলোর মধ্যে আছে লুইস ফিগো, কাকাদের চুক্তিবদ্ধ করার বিষয়গুলোও।
এক নজরে
ক্রিশ্চিয়ানো রোনালদো আট কোটি (রিয়াল মাদ্রিদ)
জিনেদিন জিদান ছয় কোটি ৪০ লাখ (রিয়াল মাদ্রিদ)
জেলাতান ইব্রাহিমোভিচ পাঁচ কোটি ৯০ লাখ( বার্সেলোনা)
কাকা পাঁচ কোটি ৮০ লাখ (রিয়াল মাদ্রিদ)
এডিনসন কাভানি পাঁচ কোটি ৫০ লাখ (প্যারিস সেন্ট জার্মেই)
লুইস ফিগো পাঁচ কোটি ৩০ লাখ (রিয়াল মাদ্রিদ)
হাল্ক পাঁচ কোটি ২০ লাখ (জেনিথ সেন্ট পিটার্সবার্গ)
র্যাদামেল ফ্যালকাও পাঁচ কোটি ১০ লাখ (মোনাকো)
ফার্নান্দো তোরেস পাঁচ কোটি (চেলসি)
নেইমার চার কোটি ৯০ লাখ (বার্সেলোনা)
