আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। তাই ইউএস ওপেনকে সামনে রেখে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল টুর্নামেন্টের ড্র-পর্ব। আর তাতে দেখা যাচ্ছে টুর্নামেন্টের সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে শিরোপাধারী অ্যান্ডি মারে ও শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের। এদিকে সব কিছু ঠিকঠাক থাকলে টেনিস ভক্তরা ইউএস ওপেনে প্রথমবারের মতো দুই সুপারস্টার রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের লড়াই দেখবেন শেষ আটে।
পুরুষ এককের শীর্ষ বাছাই এবং টুর্নামেন্টের গত তিন আসরের ফাইনালিস্ট নোভাক জোকোভিচের জন্য আসন্ন ইউএস ওপেনে কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে। কোন অঘটন না ঘটলে টুর্নামেন্টের গত তিন আসরের ফাইনালিস্ট এই সার্বিয়ানকে এবার ফাইনালে পৌঁছাতে টপকাতে হবে শিরোপাধারী অ্যান্ডি মারের বাধা। সেমিফাইনালে মারের আগে কোয়ার্টার ফাইনালে জোকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ টুর্নামেন্টের ২০০৯ আসরের চ্যাম্পিয়ন দীর্ঘদেহী আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রো। আর তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ হতে পারেন ‘বেবী ফেদেরার’ নামে পরিচিত গ্রিগর দিমিত্রভ। বোঝাই যাচ্ছে শিরোপা পুনরুদ্ধারের জন্য ‘জোকার’কে কঠিন এক পথই পাড়ি দিতে হবে।
রোলা গ্যারোতে ইতিহাসের প্রথম পুরুষ হিসেবে একই গ্র্যান্ড স্ল্যামে অষ্টম শিরোপা জেতার পর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে বিদায় নেন নাদাল। এরপরই অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। হার্ডকোর্টে জিতে নেন টানা দুটি শিরোপা। এর আগে জেতেন আরেকটি হার্ড কোর্ট টুর্নামেন্ট ইন্ডিয়ান ওয়েলসও। ফলে এ মৌসুমে তার হার্ড কোর্ট রেকর্ড দাঁড়ায় ১৫-০, যা কিনা তাকে পরিণত করেছে ইউএস ওপেনে অন্যতম ফেভারিটে।
আর নাদালের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ ফেদেরারের গত কয়েক মাসের সর্বোচ্চ সাফল্য বলতে সিনসিনাটি ওপেনের ফাইনাল। টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন এই সুইস কিংবদন্তী যদি শেষ আটে পৌঁছাতে পারেন তবে ফ্লাশিং মিডোতে নাদালের সাথে সেটা হবে তার প্রথম লড়াই।
অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা সেরেনার ফাইনালে পৌঁছানোর পথে বাধা হয়ে উঠতে পারেন বছরের প্রথম এবং তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে তাকে হতাশ করা দুই প্রতিপক্ষই। শেষ আটে এই আমেরিকানের সম্ভাব্য প্রতিপক্ষ স্বদেশী আমেরিকান স্লোয়ান স্টিফেন্স। স্টিফেন্সের কাছে হেরেই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন সেরেনা। অন্যদিকে উইম্বলডনে তার হন্তারক স্যাবাইন লিসিকিই তার সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ।
তবে এ মৌসুমে ৬০-৪ রেকর্ড নিয়ে নিজের প্রিয় গ্র্যান্ড স্ল্যামে আসা সেরেনাকে আরেকবার হারানোটা তাদের জন্য যে মোটেই সহজ হবে না সেটা বলে দিচ্ছে এই রেকর্ডই। এদিকে শিরোপার পাশাপাশি সেরেনাকে হাতছানি দিচ্ছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও। টরেন্টোতে ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্টে শিরোপা জয়ের পর, সিনসিনাটি ওপেনেও রানার আপ হয়েছেন তিনি। এর সাথে যদি ইউএস ওপেন শিরোপা জেতেন তাহলে ২৬ লাখ ডলার প্রাইজমানির পাশাপাশি বোনাস হিসেবে পাবেন আরো দশ লাখ ডলার।
