ব্রাজিল দলে মাইকন, রামিরেস

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২২:২১
কোচ লুই ফিলিপ স্কোলারি জানিয়েছেন আগামী মাসে অস্ট্রেলিয়া এবং পর্তুগালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বিশ্বকাপের অভিজ্ঞ রাইট ব্যাক মাইকন এবং চেলসি মিডফিল্ডার রামিরেসকে ব্রাজিল দলে ডাকা হয়েছে। তিনি এও জানান যে র্যামিরেসকে নিয়ে ইতোপূর্বে সমস্যা থাকলেও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হোসে মারিয়া তার অন্তর্ভুক্তিতে সায় দিয়েছেন। র্যামিরেসের ব্যাপারে স্কোলারি বলেন, ‘আমি জানি সিবিএফ সভাপতি হোসে মারিয়া মারিনের সাথে তার সমস্যা ছিল। তবে আমি মারিনকে তার নাম দেখালে তিনি বিষয়টি মেনে নেন। আমরা তার সাথে যে সমস্যা ছিল সেটা মিটিয়ে ফেলেছি। সে আমাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার মতো। আমি সম্প্রতি তার খেলা দেখেছি এবং সে খুবই ভাল খেলছিল।’ র্যামিরেসের স্ত্রী বেশ কিছুদিন আগে সিবিএফ সভাপতিকে ‘মাফিয়া’ বলে অভিযোগ তুলেছিলেন। মাইকন প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘মাইকন সবসময়েই ব্রাজিলের জন্য দুর্দান্ত ব্যাপার। সে এখন রোমায়। আমি ম্যাচ দুটিতে তাকে দেখতে চাই। আমি তাকে সুযোগ দিতে পেরে খুশি। সে আরেকজন খেলোয়াড় যে কিনা দলে অন্তর্ভুক্ত হওয়ার মতো।’ চলতি মৌসুমে এএস রোমার পক্ষে চুক্তিবদ্ধ হওয়া মাইকন ২০১০ সালের বিশ্বকাপে ব্রাজিলিয়ান দলে ছিলেন। এর পরপরই জাতীয় দলে জায়গা হারিয়ে ফেলেন তিনি। অপরদিকে প্রীতি ম্যাচের আগে সময়মতো রিপোর্ট না করায় কনফেডারেশন কাপের দল থেকে বাদ পড়েছিলেন রামিরেস। আগামী ৭ সেপ্টেম্বর রাজধানী ব্রাসিলিয়ায় অস্ট্রেলিয়া এবং তিনদিন পরে যুক্তরাস্ট্রের বোস্টনে পর্তুগালের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ জেতানো স্কোলারি এছাড়াও দলে রেখেছেন গোলরক্ষক জুলিও সিজারকে। তিনি কনফেডারেশন কাপের পর জাতীয় দলের হয়ে আর কোন ম্যাচে খেলেননি। -বাসস/সাম্বাফুট ব্রাজিল দল গোলরক্ষক : জুলিও সিজার (কিউপিআর), জেফারসন (বোটাফোগো)। ডিফেন্ডার : ড্যানিয়েল আলভেস (বার্সেলোনা), মাইকন (রোমা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সওয়েল (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), ডেভিড লুইজ (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), হেনরিক (পালমেইরাস)। মিডফিল্ডার : ফার্নান্দো (শাখটার ডনেটস্ক), হার্নানেস (ল্যাজিও), লুইজ গুস্তাভো (উলভবার্গ), পলিনহো (টটেনহ্যাম), অস্কার (চেলসি), রামিরেস (চেলসি), লুকাস মউরা (পিএসজি)। স্ট্রাইকার : হাল্ক (জেনিত), বার্নার্ড (শাখটার ডনেটস্ক), ফ্রেড (ফ্লুমিনিজ), নেইমার (বার্সেলোনা), জো (অ্যাতলেটিকো মিনেইরো)।