আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে খেলাটির জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে রেখেছেন ইনজুরির মধ্যে থাকা অধিনায়ক লিওনেল মেসিকে। এই দলের সব খেলোয়াড়ই বিদেশে বিভিন্ন লিগের খেলোয়াড়।
দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১০ সেপ্টেম্বর বাছাই পর্বে পয়েন্ট টেবিলের সর্বনিম্ন স্থানে থাকা প্যারাগুয়ের মুখোমুখি হবে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের অধিকাংশ দলই ৬ সেপ্টেম্বর মাঠে নামবে। শুধু আর্জেন্টিনা প্যারাগুয়ে খেলবে তিনদিন পর।
বার্সেলোনা স্ট্রাইকার মেসি স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়ে বাম পায়ের হামস্ট্রিং ইনজুরিতে পড়েন। বার্সেলোনা খেলাটিতে ১-১ গোলের ড্রয়ে বাধ্য হয়। এ ইনজুরির কারণে তিনি স্প্যানিশ লিগে মালাগার বিপক্ষে চলতি সপ্তাহের খেলাটিতে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমনকি দু-এক সপ্তাহের জন্য বিশ্রামেও থাকতে হতে পারে মেসিকে।
সাবেলা অবশ্য দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠেয় খেলাটির প্রাক্কালে রাজধানী বুয়েন্স আয়ার্সে মেসির ইনজুরি কতটা তা খতিয়ে দেখতে চান। কেননা পয়েন্ট টেবিলে সবার উপরে থাকলেও আর্জেন্টিনা ইতোমধ্যেই নিষেধাজ্ঞার কারণে দলের গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় জাভিয়ের ম্যাশেরানো, ফেডেরিকো ফার্নান্দেজ, দিয়েগো গারায় ও গঞ্জালো হিগুয়েনকে পাচ্ছেন না।
হিগুয়েন বিশ্বকাপ বাছাইয়ে ১১ খেলায় নয় গোল করেছেন। তিনিই এখন অঞ্চলে সর্বাধিক গোলদাতা। কলম্বিয়ার বিরুদ্ধে খেলাটিতে তিনি বহিষ্কৃত হন। জুনে ইকুয়েডোরের বিরুদ্ধে খেলতে গিয়ে লাল কার্ড পান মিডফিল্ডার ম্যাশেরানো।
এ অঞ্চলের নয়টি দেশের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে ১৩ খেলা শেষে ২৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের খেলা বাকি তিনটি। কলম্বিয়া ২৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় এবং ইকুয়েডর ও চিলি ২১ পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছে। ভেনেজুয়েলার অর্জন ১৬ পয়েন্ট। বাছাই পর্ব শেষে শীর্ষ চারটি দেশ সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। পঞ্চম দেশটিকে আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য এশিয়ার একটি দেশের বিরুদ্ধে প্লে অফ খেলতে হবে।-বাসস/ইয়াহু স্পোর্টস
আর্জেন্টিনা দল
গোলরক্ষক:- সের্জিও রোমেরো (মোনাকো), মারিয়ানো আন্দুজার (কাতানিয়া)।
ডিফেন্ডার:- পাবলো জাবালেতা (ম্যানচেস্টার সিটি), হুগো ক্যাম্পাগনারো (ইন্তার মিলান), ফ্যাবরিকো কলোচ্চিনি (নিউক্যাসল ইউনাইটেড), মার্কোস রোজো (স্পোর্টিং লিসবন), জোসে বাসান্তা (মনটেরে), ক্রিস্টিয়ান আনসালডি (জেনিত সেন্ট পিটাসবুর্গ)।
মিডফিল্ডার:- ইভার বানেগা (ভ্যালেন্সিয়া), লুকাস বিগলিয়া (ল্যাজিও), অগাস্তো ফার্নান্দেজ (সেল্টা ভিগো), অ্যাঞ্জেল ডি মারিয়া (রিয়াল মাদ্রিদ), রিকার্ডো আলভারেজ (ইন্তার মিলান), এরিক লামেলা (এএস রোমা)।
স্টাইকার :- লিওনেল মেসি (বার্সেলোনা), সের্জিয়ো অ্যাগুয়েরো (ম্যানচেস্টার সিটি), এজেকুয়েল লাভেজ্জি (প্যারি সেন জার্মেই), রডরিগুয়েজ পালাসিয়ো (ইন্তার মিলান)।
