চট্টগ্রামে বোলারদের দীর্ঘমেয়াদী কোচিং ও অনূর্ধ্ব ১৫ ও ১৭ বছর বয়সের ক্রিকেট কোচিং ক্যাম্প গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। বয়সভিত্তিক ক্রিকেট কোচিংয়ে ৪০ জন এবং পেসার কোচিং ক্যাম্পে অংশ নিচ্ছে ৩০ জন মেধাবী ক্রিকেটার।
গত রমজানে পেসার হান্ট প্রোগ্রামে অংশ নেয়া ৩০০ জন বোলারের মধ্যে যারা ১২০ কিলোমিটার গতিতে বল করেছিল, ক্যাম্পে শুধুমাত্র তাদেরই ডাকা হয়। অন্যদিকে বয়সভিত্তিক ক্রিকেট বাছাইয়ে তালিকাভুক্ত ৮৫ জন ক্রিকেটারের মধ্যে বাছাই শেষে ৪০ জন খেলোয়াড়কে রাখা হয় কোচিং ক্যাম্পে।
বিসিবি’র হাই প্রোফাইল কোচ নূরুল আবেদীন নোবেল ক্যাম্প পরিচালনা করছেন। ঢাকা থেকে আসা কোচ মাহবুব আলী, স্থানীয়দের মধ্যে তপন দত্ত, তারেক খান, মোমিনুল হক, আজিম উদ্দিন, মুর্তজা রায়হান, আবু সাবা বিপ্লব, ফিরোজ খান, রিয়াজ মাহমুদ আছেন তার সহযোগিতায়। কোচিং ক্যাম্পের পর এ সকল ক্রিকেটার যেন হারিয়ে না যায় তার জন্য সিজেকেএস ক্রিকেট কমিটি বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করবে। তাছাড়া ক্রিকেটের অফ সিজনে আবারো প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে পেস বোলার কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। এ সময় তিনি বলেন, দেশে স্পিন বোলারদের ঘাটতি না থাকলেও পেস বোলার রয়েছে হাতেগোনা কয়েকজন। বন্দরনগরী চট্টগ্রামে ভালো মানের পেস বোলার নেই বললেই চলে। তাই ঘাটতি পূরণের জন্য চট্টগ্রামে ‘আমরা এসো জোরে বল করি’ কর্মসূচি হাতে নিয়েছি। আশা করছি এতে মানসম্পন্ন পেস বোলার বের হয়ে আসবে।
