বাফুফে একাদশের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ আজ

আগামীকাল নেপাল যাবে জাতীয় দল

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২২:২৩
বাংলাদেশ ফুটবল দল ১০ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল রবিবার নেপাল যাবে। ৩১ আগস্ট শুরু হতে যাওয়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ এই ফুটবল আসরে বাংলাদেশ ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপাল, বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। নেপাল যাওয়ার আগে আজ শনিবার বিকালে জাতীয় দল বাফুফে একাদশের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ম্যাচটির আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজই সাফগামী চূড়ান্ত দল ঘোষণা করতে পারে। সাফে বাংলাদেশ দল প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই স্বাগতিকদের মোকাবেলা করবে। দলটি এরপর ৩ সেপ্টেম্বর ভারত এবং ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৫৩তম স্থানে রয়েছে। বাংলাদেশের চাইতে এগিয়ে আছে আফগানিস্তান ১৩৯ ও ভারত ১৪৫। অপর দেশগুলোর মধ্যে মালদ্বীপ ১৫৩, পাকিস্তান ১৬৭ এবং নেপাল ও শ্রীলঙ্কা যৌথভাবে ১৭০তম স্থানে আছে। সবার শেষে ২০৭তম স্থানে আছে ভুটান। আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান খেলবে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে। আফগানদের কাছে হেরে কোচ বদলালো পাকিস্তান ফুটবল এদিকে পাকিস্তান তাদের নিয়মিত কোচ সার্বিয়ান জাভিসা মিলোসাভলিয়েভিচের পরিবর্তে বাহরাইনের মোহাম্মদ সামলান মুবারক বশির আল সামলানকে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য দায়িত্ব দিয়েছে। আাাফগানিস্তানের কাছে গত সপ্তাহে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নেপালের কাঠমান্ডুতে ৩১ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান উদ্বোধনী দিনেই চিরপ্রতিদ্বন্দ্বী ও প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে। বাহরাইনের এই কোচের গতকালই দলটিকে নিয়ে কাঠমান্ডু যাওয়ার কথা। তবে তিনি দলের প্রধান কোচের পরিবর্তে উপদেষ্টা কোচের ভূমিকায় থাকবেন বলে জানিয়েছে পাকিস্তানের পত্রিকা ডন। সেক্ষেত্রে সহকারী কোচ শাহজাদ আনওয়ারই দলটির আনুষ্ঠানিক দায়িত্বে থাকবেন। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান। দলটিতে আছে দেশের বিদেশের লিগে খেলা পাঁচ ফুটবলার। এরা হলেন- ডেনমার্কভিত্তিক স্ট্রাইকার হাসান বশির, গোলরক্ষক ইউসুফ বাট, ডিফেন্ডার ইয়াকুব বাট ও ইংল্যান্ডভিত্তিক মিডফিল্ডার আদনান আহমদ। পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) কর্নেল আহমদ ইয়ার লোধি জানিয়েছেন, সাবেক ফুলহ্যাম ডিফেন্ডার জিশান রহমানও দলে যোগ দিতে পারেন।