মালয়েশিয়ায় এশিয়া কাপ শুরু আজ

অনুশীলন ম্যাচে জিতলো বাংলাদেশ হকি দল

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২২:২৩
বাংলাদেশ হকি দল গতকাল শুক্রবার মালয়েশিয়ায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-১ গোলে হারিয়েছে। পাকিস্তানের কাছে আগের দিন ৫-০ গোলে হারের পর এশিয়া কাপ হকি শুরুর প্রাক্কালে পাওয়া এ জয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে জাতীয় দলের খেলোয়াড়রা। মালয়েশিয়ার ইপোহতে সুলতান আজলান শাহ হকি স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ৯ম এশিয়া কাপ। উদ্বোধনী দিনে ভারত-ওমান, পাকিস্তান-জাপান ও মালয়েশিয়া-চাইনিজ তাইপে পরস্পরের মোকাবেলা করবে। এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দেশ। এর মধ্যে এ গ্রুপে আছে পাকিস্তান, স্বাগতিক মালয়েশিয়া, জাপান ও চাইনিজ তাইপে। অপরদিকে বি গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, ভারত, বাংলাদেশ এবং ওমান। ইএসপিএন স্টার স্পোর্টস খেলাগুলো সম্প্রচার করার কথা। এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচেই মুখোমুখি হবে তিনবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার। খেলাটি অনুষ্ঠিত হবে আগামিকাল রবিবার। এরপর ২৭ আগস্ট ওমান এবং ২৮ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এদিকে গতকালের এই প্রস্তুতি ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ দল। ঢাকায় ফেডারেশন সূত্রে পাওয়া খবরে জানা গেছে খেলার শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলে। বাংলাদেশের হয়ে পুষ্কর ক্ষিসা মিমো দুটি ও কৃষ্ণ কুমার একটি গোল করেন। তিনটিই ফিল্ড গোল। প্রতিপক্ষ শেষ মুহূর্তে একটি গোল শোধ করে।