ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভা ফরাসি লিগের দল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে আরো এক বছরের চুক্তি করেছেন। ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নতুন এ চুক্তির ফলে ২০১৮ সাল পর্যন্ত পিএসজিতেই থাকবেন ২৮ বছর বয়সী থিয়াগো।
থিয়াগো দল ছেড়ে অন্য কোথাও যেতে পারেন এবং স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাসহ অনেক ক্লাবই তাকে পেতে চায় বলে ইতোপূর্বে বেরিয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার তার আগের চুক্তির সাথে এক বছর বাড়ানোর ফলে খেলোয়াড়টিকে নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান হলো।
পিএসজি অধিনায়ক থিয়াগো প্রায় চার কোটি ইউরোর বিনিময়ে ২০১২ সালে এসি মিলান থেকে কাতারি মালিকানাধীন ক্লাবটিতে যোগ দেন। এরপর থেকে ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে তুলে ধরেন এই ব্রাজিলীয়। তার নেতৃত্বে ফরাসি ক্লাবটি ১৯৯৩-৯৪ মৌসুমের পর গত লিগে এসে প্রথম লিগ শিরোপা জয়ী হয়। থিয়াগো সম্প্রতি জানিয়েছিলেন যে, ইতালি ছাড়ার সময় তার মনে বড় রকমের সংশয় ছিল। কিন্তু এটা শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত বলে প্রমাণিত হয়েছে।
অপরদিকে পিএসজি’র প্রেসিডেন্ট নাসের-আল-খেলাফি এক বিবৃতিতে বলেন, ‘থিয়াগোর চুক্তি বাড়াতে পেরে আমরা অত্যন্ত খুশি। মাঠের ভেতরে বাইরে উভয় জায়গাতেই তিনি ব্যতিক্রমধর্মী একজন খেলোয়াড়।’ বাসস/ এএফপি
