দীর্ঘ প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে একাধিক রেকর্ডিং স্টুডিওতে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলেও অডিও অ্যালবাম নিয়ে খুব একটা মাথা ঘামাননি কখনও। তবে এবারে নিজস্ব স্টুডিওতে নিজের মতো করেই সাউন্ড ডিজাইন করছেন। এ সময়ের জনপ্রিয় তারকাদের নিয়ে তৈরি করছেন তার সুর ও সংগীতের নতুন কটি অ্যালবামের কাজ। এর পাশাপাশি প্রায় ১ হাজারটি রিংটোন তৈরি করছেন। যা সহজেই শ্রোতা বা ব্যবহারকারীরা নিজেদের সেল ফোনে ব্যবহার করতে পারবেন। এ প্রসঙ্গে সংগীত পরিচালক তৌহিদ আল মনি বলেন, ‘এখনকার কম্পোজিশন প্যাটার্ন পরিবর্তন হয়েছে। তাই পরিবর্তন হয়েছে কাজের ধরনেও। সেই কথা মাথায় রেখেই ভিন্ন কিছু কাজ উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করছি খুব শিগগিরই শ্রোতারা আমার নতুন ধারার কিছু কাজ পাবেন।’
