ভারত ও ওমানের ম্যাচের ভেতর দিয়ে গতকাল মালয়েশিয়ায় শুরু হয়েছে নবম এশিয়া কাপ হকি। আজ প্রতাপশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলা দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। এই ম্যাচটি আজ বাংলাদেশের সময় বেলা দুইটায় টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে।
সব সমীকরণ বলছে, বাংলাদেশের আজ একটি কঠিন দিন কাটবে। কারণ আজ এমন একটি দলের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ, যে ম্যাচে কোনো ‘মিরাকল’ না ঘটলে ভালো ফলাফল পাওয়া কঠিন। বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়া এই এশিয়া কাপের তিনবারের চ্যাম্পিয়ন দল। বিপরীতে গত এশিয়া কাপে বাংলাদেশ আট দলের মধ্যে অষ্টম স্থান পেয়েছিল!
বাংলাদেশ হকি দল কোরিয়ার বিরুদ্ধে শেষ তিনবারের মুখোমুখি লড়াইয়ে বড় ব্যবধানে হেরেছে। দোহা এশিয়ান গেমস হকিতে ৯-১ গোলে, ২০০৭ ও ২০০৯ সালে এশিয়া কাপ হকিতে যথাক্রমে ৮-০ এবং ৯-০ গোলে হারে বাংলাদেশ। কোরিয়ার মতো এমন দলের বিরুদ্ধে বাংলাদেশ খেলবে রক্ষণাত্মক খেলা। সেভাবেই দলটাকে গড়ে তোলা হয়েছে। এশিয়া কাপ হকির নবম আসর মালয়েশিয়ার ইপো শহরে খেলা হচ্ছে। সেখানে যাওয়ার আগে কোচ মাহবুব হারুন জানিয়েছিলেন কোরিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র হওয়ার রেকর্ড তাদের আছে। কিন্তু এটাও বাস্তব সেই সময় এখনকার সময় পার্থক্য রয়েছে সেটা মানেন সাবেক এই তারকা। দলের ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি ইউরোপিয়ান লিগে খেলেছেন। দেখেছেন কতটা কঠিন খেলা হয়। কোরিয়ার বিরুদ্ধে স্মরণীয় খেলাটা মেলে ধরার চেষ্টা করবেন বলে জানিয়ে গিয়েছিলেন। গোলকিপার জাহিদ পোস্টের নিচে থাকবেন। ঝড়টা তার উপর দিয়েও যাবে সেটা বুঝতে পারছেন তিনি। আর তাই তো জানিয়ে গেছেন, ‘প্রতিদিন তো কোরিয়ার বিরুদ্ধে খেলতে হয় না। এই ম্যাচে নিজেদের উজাড় করে দিয়ে ভালো খেলাটা খেলব আমরা।’
দলের পাকিস্তানী হেড কোচ নাভিদ আলম একটা চমক দেখাবেন বলে জানিয়েছিলেন। কি চমক দেখাবেন সেটা বলেননি তিনি। এই কোরিয়াতেই অবশ্য শেষ নয় বাংলাদেশের এবারের অগ্নিপরীক্ষা। ২৬ আগস্ট চয়নদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিরুদ্ধে। আবার ২৮ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে আরেক শক্তিশালী দল ভারতের বিপক্ষে। ভারতও এশিয়া কাপ হকির দুই বারের চ্যাম্পিয়ন। কোরিয়ার মতো ভারতও মালয়েশিয়ায় গিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
মালয়েশিয়ায় গিয়ে বাংলাদেশ হকি দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে ৫-০ গোলে হেরেছে। শুক্রবার দ্বিতীয় ম্যাচে চাইনীজ তাইপের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছেন চয়ন, বিপ্লব, জিমিরা।
কোরিয়া এবং বাংলাদেশের হকির মধ্যে কতটা পার্থক্য সেটা বুঝেন অধিনায়ক মামুনুর রহমান চয়ন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘বাস্তবতা মেনে নিয়ে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে খেলব আমরা।’ এবার নবম এশিয়া কাপ হকিতে বাংলাদেশের লক্ষ্য ষষ্ঠ স্থান পাওয়া।
