নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫৭
গতকাল পালিত হল নারী নির্যাতন প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, নারীর সম্মান ও মর্যাদা রক্ষার দাবিতে ভাস্বর ২৪ আগস্ট। ১৯৯৫ সালের এদিনে পুলিশ কর্তৃক কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দিনাজপুরের সাধারণ মানুষ বিচারের দাবিতে রাজপথে নেমে আসে, প্রবল প্রতিরোধ গড়ে তোলে। সেদিন গণআন্দোলন দমন করতে পুলিশ গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছিল। সেই থেকে বাংলাদেশের নারীসমাজ ২৪ আগস্ট দিনটিকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালন করে থাকে। বক্তারা আরও বলেন, সারাদেশে খুন-ধর্ষণ-এসিড নিক্ষেপ প্রতিদিনই ঘটছে। নারী নির্যাতন দিন দিন সীমা ছাড়িয়ে চলেছে। তারা নারীবিদ্বেষী ভোগবাদী-মৌলবাদী সংস্কৃতি, নারীনির্যাতন, অপসংস্কৃতি-অশ্লীলতা, পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে নারীমুক্তি আন্দোলনে এগিয়ে আসার জন্য নারীসমাজসহ সমাজের সর্বস্তরের গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন, ঢাকা নগর শাখার সভাপতি এডভোকেট সুলতানা আক্তার রুবি, সাধারণ সম্পাদক তাছলিমা নাজনীন সুরভী, সদস্য নাঈমা খালেদা মনিকা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া আলম, সদস্য মনি সরকার। সমাবেশ শেষে মিছিল জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, পল্টন হয়ে সেগুনবাগিচা গিয়ে শেষ হয়।