রানা প্লাজা ধস

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫৮
রানা প্লাজা ধসে নিহত-আহতদের অবিলম্বে ক্ষতিপূরণ এবং গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল রানা প্লাজা ট্র্যাজেডির ৪ মাস পূর্ণ হওয়া উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন র্কমসূচি থেকে তারা এ দাবি জানান। ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপত্বিতে মানববন্ধনে নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিক এবং শ্রমিক নেতারা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, চার মাসেও নিহত ১১৩৩ শ্রমিকের পরিবার যথাযথ ক্ষতিপূরণ পায়নি। তাদের চরম পরিণতি এবং ১৫ শতাধিক আহতের দুর্ভোগ তুলে ধরে তারা আরো বলেন, অনেকে এখনো হাসপাতালে আছে। তাদের সাহায্যের আশ্বাস ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে তা পূরণ হয়নি। বক্তারা অবিলম্বে নিহত শ্রমিকদের পরিবারকে ‘লস অব আর্নিং’-এর ভিত্তিতে ২৮ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। একইসাথে সরকার, মালিক, শ্রমিক এবং সিভিল সোসাইটির সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সকল বিষয়ে একটি স্বচ্ছ, সকলের জন্য উন্মুক্ত জবাবদিহি মূলক সেল গঠনেরও দাবি জানান তারা।