১১ দফা না মানলে স্কুলে তালা ঝুলিয়ে আমরণ অনশন

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:০১
প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদাসহ ১১ দফা দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। এরই অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা না হলে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আমরণ অনশন কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, কর্মসূচির মধ্যে ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ে ১ ঘণ্টা কর্মবিরতি, ১৬ সেপ্টেম্বর ২ ঘণ্টা কর্মবিরতি, ১৭ সেপ্টেম্বর ৩ ঘণ্টা কর্মবিরতি, ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে শিক্ষক সমাবেশ ও প্রতীকী অনশন পালন করা হবে।