আমাদের প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী নারী হলেও সামগ্রিকভাবে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন বাড়েনি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নারীরা শুধু কোন দলের প্রার্থিতা নয়, শুধু সংরক্ষিত আসন নয়, আসনের সাথে সাথে ক্ষমতারও ব্যবহার চান। গতকাল বাংলাদেশ এ্যালায়েন্স ফর উইমেন লিডারশীপ (বিডল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এই কথা বলেন। এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডল-এর নির্বাহী পরিচালক নাসিম ফেরদৌস। বিডল-এর শুভেচ্ছা দূত সংসদ সদস্য সাহারা বেগম কবরীসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালি, জোবাইদা খাতুন, এশিয়া ফাউন্ডেশনের পরিচালক শিলা হক, বিডলের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক শাহরিয়া আক্তার বুলু এবং বিডল প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনপ্রতিনিধিরা।
সাহারা বেগম কবরী বলেন, নারীদের যোগ্য হয়ে রাজনীতিতে আসতে হবে। নারী-পুরুষ উভয়ে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে হবে।
বিডল-এর নির্বাহী পরিচালক নাসিম ফেরদৌস আগামী নির্বাচনে প্রত্যেক দলের পক্ষ থেকে বেশি নারী মনোনয়ন দেয়ার দাবি করেন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ইশরাত শামিম বলেন, আমরা ৫০ শতাংশ আসন চাইলেও এখনই তা পাওয়া যাবে না, তবে ধারাবাহিকভাবে নারীর আসন বাড়বে। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যানগণ তাদের প্রতি বৈষম্যের কথা বর্ণনা করেন।
