জাহিদ শাকিলরা ৭২ ঘণ্টা সময় পাচ্ছেন

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:০৭
একাধিক ক্লাব থেকে টাকা নেয়া ফুটবলাররা সমঝোতায় আসার জন্য তিনদিন সময় পাচ্ছেন। বাফুফের লিগ কমিটি ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বলেছে, যেসব ফুটবলার একাধিক ক্লাব থেকে অর্থ গ্রহণ করেছেন তাদেরকে সমঝোতামূলক মিমাংসা করতে হবে। ব্যর্থ হলে এক বছরের জন্য বহিষ্কার হবেন ফুটবলার। লিগ কমিটি গতকাল মুলতবি সভায় এই সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে। সেসাথে তারা জানিয়েছে, বাফুফের মাধ্যমে সাতদিনের মধ্যে টাকা ক্লাবকে ফেরত দিতে হবে। ব্যর্থ হলে আরো এক বছরের জন্য বহিষ্কার হবেন একাধিক ক্লাব থেকে অর্থ নেয়া ফুটবলারটি। শুধু খেলোয়াড়ই শস্তি পাবেন না, একইসাথে শাস্তি পাবে ক্লাব। যদি অপরাধ প্রমাণ হয়। ক্লাবকে অর্থ জরিমানা করা হবে। কোনো ক্লাব কর্মকর্তা যদি আগেই জেনে থাকেন তার পছন্দের খেলোয়াড় অন্য একটি ক্লাব থেকে আগাম অর্থ গ্রহণ করেছেন তাহলে সেই ক্লাব কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা থাকবে কিনা পরিষ্কার করে বলা হয়নি। বলা হয়েছে, ক্লাবকে আর্থিক জরিমানা করা হবে। চার ফুটবলার দুই ক্লাব থেকে অর্থ গ্রহণ করেছেন বলে জানা গেছে। শেখ রাসেলের জাহিদ, মামুন মিয়া, নাহিদুল ইসলাম এবং শেখ জামালের শাকিল। এই চারজনই ১০ লাখ টাকা করে আগাম নিয়েছেন মোহামেডানের কাছ থেকে। টাকা নিয়ে তারা শেখ রাসেলে যোগ দিয়েছেন বলে জানা গেছে। এখন মোহামেডান এবং শেখ রাসেলকে সমঝোতা করতে হবে। দুই ক্লাব যদি ব্যর্থ হয় তাহলে এই চার ফুটবলারকে মাঠের বাইরেই থাকতে হবে। চার ফুটবলারের ক্যারিয়ারে অশনি সংকেত বলেই মনে হচ্ছে। কারণ মোহামেডান তো বার বার বলছে তারা কোনোভাবেই মানবে না। ওই চার ফুটবলারকে পরিকল্পনায় রেখে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফুটবল দল গড়তে ১০ লাখ টাকা করে দিয়েছিল বলে জানিয়েছিলেন মোহামেডান কর্মকর্তা। গতকালের লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকে খেলোয়াড় দলবদল। ২৬ আগস্ট থেকে ১৫ অক্টোবর খেলোয়াড় রেজিস্ট্রেশন চলবে। বিদেশি ফুটবলারদের রেজিস্ট্রেশন চলছে ২৪ আগস্ট থেকে ১৫ নভেম্বর।