বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ইনজুরি সমস্যা গুরুতর কিছু নয় বলে দলের সমর্থকদের আশ্বস্ত করেছেন ডিফেন্ডার ড্যানিয়েল আলভেজ। লা লিগার ম্যাচে আজ মালাগার বিরুদ্ধে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে এই ব্রাজিলিয়ান একথা বলেন।
আলভেজ বলেন, ‘আমাদের মেসিকে নিয়ে চিন্তিত হবার কিছু নেই। আমার মনে হয়, তার ইনজুরি মোটেই গুরুতর নয় এবং অতি দ্রুত সে মাঠে ফিরবে বলে আমি আশাবাদী।’ সুপার কাপে অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে উরুর পেছন দিকে চোট পান মেসি। আর মেসির অনুপস্থিতিতে কাতালানদের হয়ে নিজের প্রথম গোল করে দলকে ড্র এনে দেন দলের নতুন সুপারস্টার নেইমার। যদিও এখনো পর্যন্ত মূল একাদশে সুযোগ পাননি আলভেজের এই ব্রাজিলিয়ান সতীর্থ। তবে নেইমার এনিয়ে মোটেই উদ্বিগ্ন নন জানিয়ে আলভেজ বলেন, ‘সে সুখী এবং ক্রমেই সে দলের অংশ হয়ে উঠছে। ধীরে ধীরে সে নিজেকে আরো উপরের দিকে নিয়ে যাবে।’
বার্সেলোনার একাদশে কেউই নিশ্চিত নয় জানিয়ে তিনি আরো বলেন, ‘আমার মনে হয় বার্সেলোনা এমন একটি দল যেখানে কখনোই নিশ্চিত হয়ে বলার উপায় নেই যে, কে শুরু থেকে খেলবে। এখনো আমাদের সামনে অনেক ম্যাচ পড়ে আছে এবং খেলোয়াড়দের ব্যাপারটি ইতিবাচকভাবেই দেখতে হবে। নেইমার বার্সেলোনায় আছে এবং যদি সে সুখী থাকে তাহলে সে অবশ্যই উন্নতি করবে।’
