বিআইডব্লিউটিসির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৬
বিআইডব্লিউটিসি’র বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিস্তর অভিযোগ উঠেছে। আর এসব বিষয়ে প্রতিকার চেয়ে সংস্থাটির পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। সংসদীয় কমিটির চেয়ারম্যান ও হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বিআইডব্লিউটিসি সম্পর্কে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। সংসদ সচিবালয় সূত্র জানায়, বিআইডব্লিউটিসি’র বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে দু’দফা অভিযোগ করা হয়। কিন্তু দু’দফা অভিযোগের পরও রহস্যজনক কারণে বিষয়টি খতিয়ে দেখা হয়নি। ফলে বিভিন্ন ধরনের অনিয়ম দিন দিন বেড়েই চলেছে। সংসদীয় কমিটির নিকট অভিযোগ আসার পর তা কমিটির চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। কমিটির পরবর্তী বৈঠকে বিআইডব্লিউটিসি নিয়ে আলোচনা করা হবে। সংসদীয় কমিটির নিকট করা অভিযোগে বলা হয়, সংস্থাটিতে বর্তমানে ভীতিকর পরিবেশ বিরাজ করছে। এতে করে সংস্থার সুনাম ও আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়বে। আর তা সংস্থাটির জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিবে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টির আগেই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এদিকে সংসদীয় কমিটির চেয়ারম্যান ইত্তেফাককে বলেন, বিআইডব্লিউটিসি’র বিষয়ে ১০টি অভিযোগ রয়েছে।