পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের কাছে দর্জি দোকানি বিশ্বজিত্ দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এ নিয়ে ১৬ জনের সাক্ষ্য শেষ হলো। গতকাল রোববার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার ইনটেনসিভ ডেন্টাল ক্লিনিকের পিয়ন সাইফুল ইসলাম, ড্রাইভার হাবিব ও মামলায় নিহতের সুরতহালের সাক্ষী জাহিদুল হক।
সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৭ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। গত বছরে ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ বিশ্বজিত্ দাস। ঐদিন রাতেই অজ্ঞাতপরিচয় ২৫ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার এসআই জালাল আহমেদ।
