লটারিতেও শেখ জামালে মুশফিক!

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২২:১২
খেলোয়াড় বাছাইয়ে উপস্থিত না থেকেও গতকাল রবিবার স্নায়ুচাপের কঠিন এক পরীক্ষা দিতে হল ক্রিকেটারদের। সে পরীক্ষায় দিনশেষে সবচেয়ে স্বস্তির হাসিটা নিশ্চয়ই মুশফিকুর রহিমের। কারণ লটারিও তার দল বদলে দিতে পারেনি। গতবারের মতো এবারও শেখ জামালের হয়ে দেখা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে। মুশফিক লটারিতেও পুরোনো ও পছন্দের দলকে পেলেও; নতুন দলে পাড়ি দিতে হচ্ছে ‘এ+’ ক্যাটাগরির বাকী তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেনকে। আগের মৌসুমে চ্যাম্পিয়ন দল ভিক্টোরিয়াতে খেলা তামিমকে এবার দেখা যাবে ব্রাদার্স ইউনিয়নে। আর গাজী ট্যাংক ক্রিকেটার্সের নাসির ও সাকিব খেলবেন যথাক্রমে ভিক্টোরিয়া ও কলাবাগান ক্রীড়াচক্রে। লটারিতে নির্ধারিত হয়ে গেল ‘এ+’ ক্যাটাগরী থেকে প্রথমে পছন্দের খেলোয়াড় বেছে নিতে পারবে শেখ জামাল। এই সুযোগটা একটু নষ্ট করেনি ক্লাবটি। প্রথম ডাকার সুযোগ পেয়েই তারা নিজেদের গতবারের অধিনায়ককে দলে যোগ করে ফেলেছে। শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের সভাপতি মনজুর কাদের জানালেন, মুশফিকই ছিল তাদের প্রথম পছন্দ, ‘মুশফিক দলের পুরনো ক্রিকেটার। আমাদের সাথে পাঁচজন বিশেষজ্ঞ কাজ করছেন। আমরা এখানে আসার আগে আমাদের বিশেষজ্ঞদের সাথে নয়টা থেকে এগারোটা পর্যন্ত মিটিং করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নেই যে, সুযোগ থাকলে আমরা অবশ্যই মুশফিককে নিবো। এছাড়া সাকিবও তারকা ক্রিকেটার। তবে সব ক্লাবেরই আলাদা আলাদা পছন্দ থাকে। আমাদের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নাসির। মুশফিককে না পেলে ওর জন্য আমরা চেষ্টা করতাম।’ আর গতবারের মতো এবারও দলটির অধিনায়ক হিসেবেই দেখা যাবে মুশফিককে। এমনটাই জানালেন ক্লাবটির সভাপতি, ‘হ্যা অবশ্যই সে অধিনায়ক থাকবে। জাতীয় দলের অধিনায়ক হওয়া তো আর চাট্টিখানি কথা না। সে অনেক যোগ্য একজন অধিনায়ক নয়। শুধু বাংলাদেশেই না, পুরো বিশ্বেই সে বড় একজন তারকা।’ অন্যদিকে তামিমকে দলে নেয়া ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমিন খান বলেন, ‘শুরু থেকেই তাকে আমরা চাইছিলাম। তামিম দেশ সেরা ওপেনার। ব্যালান্সড দল গঠনের জন্য কন্ডিশনের কথা মাথায় রেখেই তাকে দলে নেয়া।’