সিপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন ক্রিস গেইলের জ্যামাইকা তালাওয়াস

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২২:১২
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম আসরের শিরোপা জিতলো ক্রিস গেইলের জ্যামাইকা তালাহওয়াস। টুর্নামেন্টের ফাইনালে গত শনিবার জ্যামাইকা ৭ উইকেটে হারায় গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে। লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের প্রথম দুটি স্থান পেয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকা তালাওয়াশ। এরপর সেমিফাইনালের গন্ডি পেরিয়ে তারা নাম লেখায় ফাইনালে। তাই ভক্তদের ধারনা ছিল- ‘ফাইনালটি জম্পেশই হবে’। কিন্তু অনেকটা হেসেখেলেই প্রথম আসরের ফাইনাল জিতে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে গেইলের দল। পোর্ট অব স্পেনে টস জিতে গায়ানাকে প্রথমে ব্যাটিং-এ আমন্ত্রণ জানায় জ্যামাইকা। মাত্র ২৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পরে যায় তারা। তবে তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে দলকে বড় স্কোর গড়ার ভিত গড়ে দেন লেন্ডন সিমন্স ও দিনেশ রামদিন। এ জুটিতে যোগ হয় ৫২ রান। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে না পারলে ৫ উইকেটে ১২৮ রানের বেশি করতে পারেনি গায়ানা। সিমন্স ৪০, রামদিন ২৯ ও জেম ফ্রাঙ্কলিন ১৭ রানে অপরাজিত থাকেন। বল হাতে জ্যামাইকার পক্ষে ২টি উইকেট নিয়েছেন ডেভিড বার্নাড। জবাবে জয়ের জন্য ওভারপ্রতি প্রায় সাড়ে ছয় রানের লক্ষ্যে খেলতে নেমে ২৬ রানে ওপেনার চাদউইক ওয়ালটনকে হারায় জ্যামাইকা। এরপর আগের ম্যাচের সেরা শ্রীলংকান কুমার সাঙ্গাকারাকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন দলপতি ক্রিস গেইল। তবে মাত্র ছয় রানের ব্যবধানে সাঙ্গাকারা ও জার্মেই ব¬াকউড বিদায় নিলে কিছুটা চিন্তায় পড়ে যায় জ্যামাইকা। কিন্তু চতুর্থ উইকেটে আন্দ্রে রাসেলকে নিয়ে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়ে ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন গেইল। গেইল ৬টি বাউন্ডারিতে ৪৮ বলে ৪৭ রানে ও রাসেল ৫টি চার ও ১টি ছক্কায় মাত্র ১৮ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন গেইলই। আর টুর্নামেন্ট সেরার পুরস্কার পান গায়ানার ক্রিসমার স্যান্ডোকি। নয় ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৬ উইকেট শিকার করেছেন স্যান্ডোকি। বাসস।