‘এ’ দলের সান্ত্বনার জয়

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২২:১৩
প্রথম দুটি ম্যাচে প্রায় ২০০ রানের পরাজয়। সামনে সিরিজে ধবল ধোলাইয়ের পরিষ্কার হাতছানি। সম্মান বাঁচানোর শেষ সুযোগ এই ম্যাচটায় ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে জিততে হলে বাংলাদেশ ‘এ’ দলকে যেন বিশেষ কোনো চমক দেখাতো হতো। গত শনিবার টাউনটনের কাউন্টি মাঠে আন অফিসিয়াল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সেটাই করে দেখালো এ দল। নাঈম ইসলামের অপরাজিত ১২১ রানের উপর ভর করে এই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ এ দল। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড লায়ন্স নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩১৯ রান। লায়ন্সের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন গ্যারি ব্যালেন্স। এছাড়া জেমস ভিন্স ৬৩ এবং জেমস টেইলর ৪৪ রান সংগ্রহ করেন। এ দলের হয়ে আল-আমিন হোসেইন ৩টি এবং রবিউল ইসলাম ২টি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ এ দল দলীয় সাত রানের মাথায় জহরুল ইসলামকে হারায়। ৬৫ রানে ইমরুল কায়েস সাজঘরে ফেরার পর রাকিবুল ইসলাম এবং নাঈম ইসলাম মাঠ ছাড়ার আগে বাংলাদেশ এ দলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। নাঈম সেঞ্চুরী পেলেও ৭২ রানেই থেমে যায় রাকিবুল ইসলামের ইনিংস। এক ওভার বাকি থাকতেই চার উইকেট হাতে রেখে সান্ত্বনাসূচক এই জয় তুলে নেয় বাংলাদেশ এ দল। লায়ন্সের হয়ে বেন স্টোকস সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।