উপমহাদেশের দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনূর্ধ্ব-২৩ এমার্জিং টিমস কাপের শিরোপা লড়াই জমেনি। কেননা গতকাল রবিবার সিঙ্গাপুরে ক্যালাং গ্রাউন্ডে ভারত পড়শীদের নয় উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টটির শিরোপা তুলে নেয়।
ভারতীয় বোলাররা পাকিস্তানকে ১৫৯ রানে অলআউট করে দেয়ার পর ওপেনার লোকেশ রাহুল অপরাজিত ৯৩ রান করে দলকে সহজ জয় এনে দেন। প্রতিযোগিতায় নিজের নৈপুণ্যের ধারাবাহিকতা অব্যাহত রাখা রাহুল ফর্মে থাকা আরেক ব্যাটসম্যান মানপ্রীত কাউরের সাথে ম্যাচ জেতানো ১৩২ রানের পার্টনারশিপ গড়েন।
রাহুল ১০৭ বলে ১১টি চার ও এক ছক্কার মারে ইনিংসটি খেলেন। টুর্নামেন্টে এটি ছিল তার তৃতীয় অর্ধশতক। মানপ্রীত করেন অপরাজিত ৫১। পাকিস্তানী বোলাররা কেবল একটি উইকেট তুলতে সক্ষম হয়। অথচ টসে জিতে পাকিস্তান অধিনায়ক হাম্মাদ আজম ব্যাটিং নিয়েছিলেন। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে উমর ওয়াহিদ (৪১) ছাড়া আর কেউ দাঁড়াতে না পারায় পাকিস্তানকে এমন শোচনীয় দশায় পড়তে হয়। ২৮ ওভারে দুই উইকেটে ৮৮ রান তোলা পাকিস্তানের শেষ সাতটি উইকেট পড়ে যায় ১১ ওভারে মাত্র ১৯ রানের সঞ্চয়ে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৭ ওভারে ১৫৯ (উমর ওয়াহিদ ৪১, উসমান কাদির ৩৩; বাবা অপরাজিত ৩/২৮, সন্দ্বীপ শর্মা ২/২০, সূর্যকুমার যাদব ২/১০)।
ভারত: ৩৩.৪ ওভারে ১৬০/১, (রাহুল অপরাজিত ৯৩, মানপ্রীত জুনেজা অপরাজিত ৫১, রাজা হাসান ১/৪১)।
ম্যান অব দ্য ম্যাচ: লোকেশ রাহুল (ভারত)।
