কয়েকদিন পেছাতে পারে লিগ!

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২২:১৪
খেলোয়াড় বাছাই তো হল; এবার সময় মত লিগ শুরু হবে তো? গত কয়েক মাস ধরে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যে গড়িমসি চলছে তাই শঙ্কাটা থেকেই যাচ্ছে। আর ক্লাবগুলোও লিগ কয়েকদিন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছে। আর দলগুলোর দাবির প্রেক্ষিতে লিগ অল্প কিছুদিন পিছাতে পারে বলেও আভাস পাওয়া গেল। তবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান জালাল ইউনুস নির্ধারিত সময়েই লিগ শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেন। গতকাল রবিবার খেলোয়াড় বাছাই অনুষ্ঠানের এক ফাঁকে তিনি বলেন, ‘সময়মতো লিগ শুরু হলে দলগুলো অনুশীলনের জন্য খুব বেশিদিন সময় পাবে না। আর দলগুলোর জার্সি পেতেও কয়েকদিন সময় লেগে যাবে। তাই লিগ কিছুদিন পেছাতে পারে।’ সিসিডিএম চেয়ারম্যানের কথা সত্যি হলে সেক্ষেত্রে লিগ কয়েকদিনের জন্য পিছিয়ে যেতে পারে। যদিও সেটা খুব বেশিদিন নয় বলেই জানালেন তিনি, ‘লিগ যদি পেছায়ও তাহলেও সেটা খুব বেশিদিনের জন্য নয়। বেশি হলে দুই-তিনদিনের বেশি পেছাবে না।’