জুয়াড়ির ব্যাপারে প্রমাণ দেবেন রশিদ লতিফ

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২২:১৪
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, ইংল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে টেস্ট চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রিত অতিথি হয়ে ভারতীয় জুয়াড়ি আন্নু ভাট যে উপস্থিত ছিলেন এর প্রমাণ তার কাছে আছে। তার আইনজীবী সে প্রমাণ বোর্ডের আইনজীবীদের দেখাতে পারেন। কিন্তু জনসমুক্ষে এটি প্রকাশ করা যাবে না। করাচি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লতিফ বলেন, এ সকল প্রমাণ জনসমক্ষে প্রকাশ করলে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে। বোর্ডের বিরুদ্ধে অভিযোগ করায় সাবেক এ উইকেটরক্ষককে আইনী নোটিস পাঠানো হয়েছে এবং তিন দিনের মধ্যে অভিযোগের যথার্থতা প্রমাণ করতে বলেছে পিসিবি। সব সময়ই ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ স্পষ্টভাষী রশিদ লতিফ এবং সাবেক টেস্ট ব্যাটসম্যান বাসিত আলী। টেস্ট লেগ স্পিনার দিনেশ কানেরিয়াকে দলে না নেয়া এবং ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) যে তাকে আজীবন নিষিদ্ধ করে সে জন্য পিসিবি এবং সাবেক চেয়ারম্যান ইজাজ ভাটকে অভিযুক্ত করেন পাকিস্তান ক্রিকেটারের সাবেকদ্বয়। রশিদ লতিফ বলেন, নিরাপত্তা ব্যবস্থা এবং বেটিং, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং ইস্যুগুলো আমাদের ক্রিকেটকে অপূরণীয় ক্ষতি করেছে। প্রমাণাদি প্রকাশ করে ক্রিকেটকে আমি ব্যঙ্গ করতে চাই না। তিনি অভিযোগ করেন ২০০৫ এবং ২০০৬ সালে ইংল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওই ভারতীয় জুয়াড়ি পিসিবির আমন্ত্রিত অতিথি ছিলেন বলে অভিযোগ করেন। এ ব্যাপারে লতিফ বলেন, পিসিবি আমাকে ভাট সম্পর্কিত করা অভিযোগের সমর্থনে প্রমাণ হাজির করতে বলেছে। কিন্তু ভাট যেহেতু কানেরিয়ার মামলার (বর্তমানে লন্ডন কমার্শিয়াল কোর্টে) মুখ্য ব্যক্তি সেজন্য এ বিষয়ে আমি প্রকাশ্যে কিছু বলব না। কারণ এব্যাপারে আমার আর কোন মন্তব্যে লন্ডন কমার্শিয়াল কোর্টে আপীল শুনানিতে প্রভাব পড়তে পারে। তিনি আরো বলেন, পিসিবিকে কোন প্রকার বিতর্কে জড়ানোর ইচ্ছা আমার কখনোই ছিল না এবং একমাত্র এ কারণেই বিষয়গুলো আমি প্রকাশ করতে চাই না। তবে পিসিবি চাইলে আমার আইন উপদেষ্টার মাধ্যমে তথ্যগুলো তাদেরকে আমি জানাতে পারি। এছাড়াও সকল কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসার আগে কানেরিয়াকে দোষ স্বীকারে বাধ্য না করতেও পিসিবির প্রতি অনুরোধ জানান তিনি।-বাসস