ফুটবলারদের দলবদল আজ থেকে শুরু হচ্ছে। পেশাদার ফুটবল লিগের দলবদলের শুরু আজ হলেও প্রথম দিন কোনো ক্লাব রেজিস্ট্রেশন করাবে কিনা জানা গেল না। কারণ জাতীয় ফুটবল দল নেপালে গেছে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে। পেশাদার ফুটবলের নিয়ম অনুসারে খেলোয়াড়দের বাফুফে ভবনে স্বশরীরে উপস্থিত থাকার কোনো বাধ্যবাধকতা নেই। বাফুফের নির্ধারিত ফরমে খেলোয়াড়দের স্বাক্ষর থাকলেই চলবে। দলবদলের নতুন নিয়ম হচ্ছে এক খেলোয়াড় দুই ক্লাব থেকে টাকা নিলে শাস্তি ভোগ করতে হবে।
এবারই ফুটবলে এমন নিয়ম প্রবর্তন করা হলো। চার ফুটবলার মোহামেডান থেকে টাকা নিয়ে শেখ রাসেলে যোগ দিয়েছেন। তাদের নিয়ে ফুটবলে একটা অশনি সংকেত দেখা দিলেও গতকাল জানা গেছে মোহামেডান এবং শেখ রাসেলের মধ্যে আপোসরফা হতে যাচ্ছে। দুই ক্লাব আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত হবে। যদি কোনো কারণে সিদ্ধান্ত না হয়। তাহলে জাহিদ, শাকিল, মামুন মিয়া, নাহিদুল ইসলাম নাহিদকে মহা বিপদে পড়তে হবে, এক বছর শাস্তি ভোগ করতে হবে। বাফুফে থেকে সমঝোতা করতে বলা হয়েছে। আপোষের আলোচনা হবে। মোহামেডান শেখ রাসেলের মধ্যে যাই হোক না কেন। আবাহনী তাদের অবস্থানে অনড় থাকবে বলে জানা গেছে। কারণ শেখ রাসেলের স্ট্রাইকার মিঠুন চৌধুরি আবাহনীর কাছ থেকে অগ্রিম টাকা নিয়েও তিনি শেখ রাসেলে ফিরে গেছেন। আবাহনী বলছে তারা মিঠুনকে ছাড়বে না।
ফুটবল খেলোয়াড় দলবদল ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। একই সাথে বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন শুরু হলেও গতকাল পর্যন্ত কোনো খেলোয়াড় রেজিস্ট্রেশনের কথা শোনা যায়নি। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন।
