জাতীয় দল ও ব্রাদার্স ইউনিয়নের সাবেক ফুটবলার এবং কোচ আবদুস সালাম ২৭তম উত্তর আমেরিকা বাংলাদেশ কনভেনশনে অতিথি হিসেবে যোগ দিতে সস্ত্রীক আজ সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মায়ামির বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তিন দিনের এই কনভেনশন অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহত্ এই কনভেনশনে বাংলাদেশের কয়েকজন খ্যাতিমান ও বরণ্য ব্যক্তিদের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিতে প্রথম খেলোয়াড় হিসেবে আবদুস সালামকে সম্বর্ধনা দেয়া হবে। এই কনভেনশনে ফ্লোরিডার গভর্ণর, সিনেটর, মেয়র ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। কৃতী মিডফিল্ডার সালাম ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ব্রাদার্স ইউনিয়ন ও জাতীয় দলের জার্সি গায়ে দেশ ও বিদেশের মাঠে দাপটের সাথে খেলেন। এছাড়া ১৯৯৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে জাতীয় দলের কোচ কাজী সালাহউদ্দিনের অধীনে সহকারী কোচ হিসাবে জাপান সফর করেন তিনি। বিভিন্ন সময়ে ব্রাদার্সের কোচ এবং সংগঠক হিসেবেও কাজ করেন তিনি।
