সফররত ভারতের বাণিজ্য প্রতিনিধি দলকে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল সোমবার ডিসিসিআই ও বাংলাদেশে সফররত কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি-এর প্রতিনিধি দলের মধ্যকার এক বৈঠকে এ আহ্বান জানান ডিসিসিআই সভাপতি মো. সবুর খান। ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি নেসার মাকসুদ খান, সহ-সভাপতি আবসার করিম চৌধুরীসহ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসিসিআই সভাপতি সবুর খান বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাত অত্যন্ত সম্ভাবনাময় খাত উল্লেখ করে তিনি বলেন, এ খাতের সাথে জড়িতদের মধ্যে বেশিরভাগই তরুণ। ফলে বাংলাদেশে তুলনামূলকভাবে সস্তা মূল্যে আর্ন্তজাতিক মান সম্পন্ন সফটওয়্যার তৈরি করা সম্ভব।
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি-এর প্রতিনিধি দলের প্রধান দেবদাস সেন তথ্য-প্রযুক্তি উন্নয়নে দুই দেশের আইটি খাতের ব্যবসায়ীদের একসাথে কাজ করার আহ্বান জানান।
