করাচিতে আহলে সুন্নাতের মুখপাত্রসহ নিহত ৮

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:০২
করাচিতে বিভিন্ন স্থানে সহিংসতায় আহলে সুন্নাত ওয়ালিজামাতের (এএসডব্লিউজে) মুখপাত্রসহ আটজন নিহত হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে। খবর ডন ডটকমের। সূত্র জানায়, ওইদিন করাচির গুলশান-ই-ইকবাল এলাকায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের গুলিতে আহলে সুন্নাত ওয়ালিজামাতের (এএসডব্লিউজে) মুখপাত্র মওলানা আকবর সায়েদ ফারুকি গুরুতর আহত হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। অন্য এক ঘটনায় সুরজানি শহরের একটি এলাকায় গুলিতে আরো দুই ব্যক্তি নিহত হয়েছে। কে বা কারা এ গুলি চালিয়েছে সে সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। ঘটনার পর স্থানীয়দের মাঝে ব্যাপক ভয়-ভীতি ছড়িয়ে পড়ে এবং গ্রেফতার আতঙ্কে অনেকে এলাকা ছাড়ে। এছাড়া করাচির আয়ুব গোথ ও কোরাঙ্গি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এখানে গুলিতে তিন ব্যক্তি নিহত হয়। অন্যদিকে কোরাঙ্গির ইব্রাহিম হায়দার এলাকা থেকে দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের গায়ে গুরুতর জখমের চিহ্ন ছিল। তবে তাদের পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, গোলযোগপূর্ণ করাচিতে প্রায়ই এ ধরনের সহিংসতার ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় এসব ঘটনা ঘটলো।