খেলোয়াড় বাছাই হয়ে গেছে, এখন অপেক্ষা শুধু লিগ মাঠে গড়ানোর। অনেক গড়িমসির পর লিগ শুরু হওয়ায় খেলোয়াড়রাও নিশ্চয়ই অনেকটা স্বস্তিতে আছেন। কিন্তু মুশফিকুর রহিম জানালেন ভিন্ন কথা। গোড়াতেই গলদ খুঁজে পাচ্ছেন তিনি। খেলোয়াড় বাছাইয়ের পদ্ধতিতেই সমস্যা দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।
‘নিলাম পদ্ধতিতে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই। ব্যাপারটা কোন খেলোয়াড়েরই মনমতো হয়নি। বোর্ড আমাদের কথা দিয়েছে এই বছরই এটা হবে। তাদের উপর আমরা আস্থা রেখেছি এবং আশা করছি আগামী বছর থেকে এটা পরিবর্তন হবে’—খেলোয়াড় বাছাইয়ের পদ্ধতি নিয়ে মুশফিকের মনোভাবটা সহজেই বুঝে নেয়া যায়।
তবে এ ধরনের সমস্যার পরেও এই ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেয়ার কথা বললেন মুশফিক। জানালেন লিগে পারফর্ম করার সর্বোচ্চ চেষ্টাটাই করবে দলগুলো, ‘অনেক দলের জন্য এটা ব্যালান্সড হয়েছে, আবার অনেক বড় বড় দলের জন্য ইমব্যালান্সড হয়েছে। এটা দুইদিক থেকেই অনেকের জন্য বেনিফিট হয়েছে, আবার অনেকের জন্য বেনিফিট হয়নি। এখন দেখা যাক কি হয় । অনেক দল এখন আন্ডারডগ মনে হলেও মাঠে হয়তোবা ভালো করবে। সব দলই চেষ্টা করবে তার সেরাটা দেয়ার।’
আগামী অক্টোবর মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড দল। এই সিরিজের আগে আসন্ন লিগকে তাই নিজেদের জন্য প্রস্তুতির ভাল একটা সুযোগ হিসেবেই দেখছেন মুশফিক, ‘আমাদের প্রধান কাজ হলো এখন খেলা। চেয়েছিলাম, নিউজিল্যান্ডের আগে যেন কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি। প্রিমিয়ার লিগ শুরু হলে আমরা কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাব এবং প্রিমিয়ার লিগটা যদি একটু দেরিতে শুরু হয় তাহলে আমরা ২-১টা প্র্যাকটিস ম্যাচ খেলব। আমাদের যাতে টেস্টে কোন সমস্যা না হয়।’
বিশেষ করে পেস বোলারদের জন্য প্রিমিয়ার লিগকে গুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিক, ‘পেস বোলারদের জন্য অবশ্যই এটা একটা বড় অনুশীলন এবং সুযোগ। প্রিমিয়ার লিগ বাংলাদেশের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং এখানে স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলা হয়। এখানে যদি আপনি পারফর্ম করেন তাহলে যে কোন টুর্নামেন্টে যাওয়ার আগে এটা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আমরা প্র্যাকটিসও করছি অনেক হার্ড এবং যারা দলে আছি তারা ভাল করার চেষ্টা করবো।’
আর পেস বোলিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় তারকা মাশরাফি বিন মুর্তজার জন্যও প্রিমিয়ার লিগকে আশীর্বাদ হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘মাশরাফি ভাই সব সময় চেষ্টা করেন তার শতভাগ দেয়ার। তিনি সবার জন্যই আইডল। তিনি খুব হার্ড পরিশ্রম করছেন এবং প্রিমিয়ার লিগের ম্যাচ তার জন্য একটা সুযোগ। আশা করছি তিনি যেন খেলেন এবং আমাদের দলে তাকে খুব তাড়াতাড়ি দরকার ও নিউজিল্যান্ড সিরিজের আগেই দলে কামব্যাক করেন।’ প্রিমিয়ার লিগ ছাড়াও গতকাল সোমবার অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের সাথে ‘তিন জাতীয় দলের’ সামপ্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন মুশফিকুর রহিম, ‘আমরা যেমনটা আশা করেছিলাম তেমনটা হয়নি। তারা অনেকদিন পর দেশের বাইরে খেলতে গেছে। এটা একটা কারণ হতে পারে। এক সময় মনে হয়েছে তাদের সামর্থ্য ছিল; কিন্তু তারা পারেনি। প্রিমিয়ার লিগটা একটা সুযোগ। যারা ভাল পারফরম্যান্স করবে ভবিষ্যতে তারা দলে সুযোগ পাবে। আমি আশা করবো অনেকেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে। তারা অনেক পরিশ্রম করবে এবং পারফরম্যান্স করবে। আমরা যেন ভবিষ্যতে আরও ভাল মানের খেলোয়াড় পাই।’
