সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে থিয়াগো

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:৫৪
বুন্দেসলিগায় নুরেমবার্গের বিপক্ষে গত শনিবার ২-০ গোলে জয় পাওয়ার ম্যাচে গোঁড়ালির ইনজুরিতে পড়েন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার থিয়াগো আলকানটারা। সেই ইনজুরিই থিয়াগোকে সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে নিয়ে গেছে। রবিবার ইউরোপিয়ান ও জার্মান চ্যাম্পিয়নরা বিষয়টি নিশ্চিত করে বলেছেন ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠার জন্য থিয়াগোর গোঁড়ালিতে অস্ত্রোপচার করতে হবে। বায়ার্ন তাদের ওয়েবসাইটে জানিয়েছে এই সময়ের মধ্যে ২২ বছর বয়সী স্প্যানিশ এই জাতীয় খেলোয়াড় বুন্দেসলিগায় ফ্রেইবাগ, হ্যানোভার ৯৬, শালকে ০৪ এবং ভিএফএল উলফসবার্গের বিপক্ষে, চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এবং জার্মান কাপে হ্যানোভার ৯৬ এর বিপক্ষে ম্যাচগুলোতে খেলতে পারবেন না। সোমবার তার গোঁড়ালিতে অস্ত্রোপচার করা হবে। নুরেমবার্গের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে ডান গোঁড়ালিতে আঘাত পাওয়া থিয়াগোর পরিবর্তে জার্মান তারকা থমাস মুলারকে নামানো হয়েছিল।