মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর কাব্যকথা এখন শুধুই কাব্য। এখন অনেকে দীর্ঘ জীবন চান না। এমন একটি ব্যতিক্রমী মার্কিন গবেষণালব্ধ জরিপ রিপোর্ট পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে পরিচালিত বেঁচে থাকার স্বপ্ন নিয়ে মার্কিনীদের মনোভাব সম্পর্কিত এক গবেষণায় ৫৬ ভাগ মার্কিনীরা বলেছেন, তারা এমনটি চান না যাতে তারা ১২০ বছর পর্যন্ত বেঁচে থাকেন। মার্কিনীদের প্রত্যাশা গড়ে তারা ৯০ বছর বাঁচলেই খুশি। ‘৯০তম জন্মদিন হতে পারে, তবে ১২০তম নয়’। বিশেষজ্ঞগণ বলছেন, তারা মানুষের গড় আয়ু বাড়ানো এবং এজিং প্রসেস নিয়ে গবেষণা করছেন এবং বিজ্ঞানীরা আশাবাদী, মানুষ একদিন সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন।
বর্তমানে মার্কিনীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৯ বছর। গবেষণায় দেখা গেছে, মার্কিনীরা তাদের গড় আয়ু ৭৯ বছর থেকে ১০০ বছর এর বেশি চান না। কারণ অধিক বয়সে শরীরের যত্ন ও স্বাস্থ্যসেবা যথাযথভাবে নেয়া কঠিন। এই উপলব্ধি আমেরিকাসহ অনেক উন্নত দেশের বেলায় দেখা যায়। যদিও তৃতীয় বিশ্বের মানুষের গড় আয়ু এখনও অনেক কম। তবে মানুষ সুন্দর, সুস্থ ও সৌন্দর্য নিয়ে বাঁচতে চান। তাই তো বড় বড় ওষুধ ও কসমেটিক কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছেন। পাশাপাশি কিভাবে মানুষের গড় আয়ু বাড়ানো যায় তা নিয়েও গবেষণার শেষ নেই। পিউ রিসার্স সেন্টারের গবেষণা রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়।
