আজ দিনাজপুর ট্র্যাজেডি ও সাংবাদিকদের কালো দিবস

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২২:৩৫
আজ ২৭ আগস্ট দিনাজপুর ট্রাজেডি দিবস ও সাংবাদিক সমাজের কালো দিবস। ১৯৯৫ সালের এই দিনে পুলিশ কর্তৃক ধর্ষিত ও নিহত কিশোরী ইয়াসমিন আন্দোলনে জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে সাতটি প্রাণ ঝরে পড়ে। সামু, কাদের ও সিরাজের লাশ পাওয়া গেলেও বাকি ৪টি লাশ গুম হয়ে যায়। সাদা পোশাকধারী কতিপয় দুষ্কৃতকারী জনতার আন্দোলনকে স্তব্ধ করতে দিনাজপুর প্রেসক্লাবসহ কয়েকটি স্থানীয় সংবাদপত্র অফিস, কাষ্টমস গোডাউন, সরকারি অফিস এবং পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ১৪৪ ধারা জারি করা হয়। জনতার দাবিতে জেলা প্রশাসক একেএম জব্বার হোসেন ও পুলিশ সুপার আব্দুল মোতালেবকে প্রত্যাহার করে নেয়া হয়। জেলার সকল পুলিশ সদস্যকে বদলী করা হয়। ইয়াসমিন ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেফতার করা হয়। এই ঘটনার পর থেকে দিনাজপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমিতিসহ সাংবাদিক সমাজ এই দিনটিকে ‘কালো দিবস’ হিসাবে পালন করে আসছে। প্রতিবারের ন্যায় আজকের এই দিনটিতে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভার আয়োজন করেছে।