আধুনিক কৃষি বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স ও ব্যবসায় প্রশাসন বিভাগে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই আধুনিক শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি স্বতন্ত্র ভূমিকা পালন করে আসছে। অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ বিদ্যাপীঠে পরিনত হয়েছে।
দিনাজপুর শহর হতে ১০ কি.মি. উত্তরে এবং দিনাজপুর-রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন পশ্চিমে সুরম্য অট্টালিকা ও বহু প্রজাতির সবুজ বৃক্ষ ঘেরা এই দৃষ্টিনন্দন ক্যাম্পাসটি অবস্থিত। মোট ৮৫ একর জমির উপর প্রতিষ্ঠিত হাবিপ্রবির মনোরম ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস। কৃষি কলেজের অবকাঠামোর উপর ভিত্তি করে এর কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিপুল ও ক্রমবর্ধমান কর্মকান্ড সুষ্ঠু ও পরিকল্পিতভাবে পরিচালনার জন্য আরও বেশ কিছু ভৌত সুবিধাদি গড়ে উঠেছে।
হাটি হাটি পা করে বর্তমানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিনত হয়েছে। গত এক দশকের সাফল্যের ধারা অব্যাহত রেখে ছাত্র-শিক্ষকের নিরলস প্রচেষ্টায় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সর্বশেষ উদ্ভাবিত জ্ঞান, প্রযুক্তি- চর্চা ও প্রয়োগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় তার অভীষ্ট লক্ষ্য অর্জন করবে- এ প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ সকলের।
