বিশ্ব সাহিত্য কেন্দ্র

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ১৯:৩০
বিশ্বসেরা কিশোর সাহিত্যিক জুলভার্ণ এর লেখা ‘রহস্যের দ্বীপ’ কিংবা হুমায়ুন আজাদের লেখা ‘লাল নীল দীপাবলী’ অথবা রবার্ট লুইস স্টিভেনসন এর সেরা কিশোর উপন্যাস ‘ট্রেজার আইল্যান্ড’ এর মতো বিখ্যাত ও চমত্কার বইগুলো পড়ার সুযোগ শুধু আর শহর অঞ্চলের সুবিধা প্রাপ্ত ছেলে-মেয়েদের মধ্যে আজ সীমাবদ্ধ নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েরাও আজ দেশ-বিদেশের এরকম সেরা বই পড়ার সুযোগ পাচ্ছে। গত তিন দশকে বইয়ের ব্যাপারে আমাদের সচেতনতা একটু একটু করে বেড়েছে। আজ জনগণ ও সরকারের মধ্যে অনেক মানুষই বই পড়াকে দেশের জন্য জরুরি ভাবছেন। আর তাই শিক্ষার গুণগত মান-উন্নয়নে পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য বিষয়ের বই পড়াকে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সধাথে বিবেচনা করছে। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বাংলা বইয়ের পাশাপাশি প্রতিবছর ৪টি করে ইংরেজি বই পড়ার সুযোগ পাচ্ছে। বইগুলো ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে উপযোগী করে তৈরি করা হয়েছে যাতে করে তাদের ইংরেজি ভীতি দূর হয় এবং আনন্দের সাথে ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারে। ইতোমধ্যে এই কার্যক্রমের সুফল পাওয়া গিয়েছে। আগামী বছর থেকে আরো ৯০টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হবে।