যেদিন থেকে টেলিভিশন দেখা শুরু তখন থেকেই একটা কাজের প্রতি আমার ভীষণ ঝোঁক। হঠাত্ রেগে যাওয়া অথবা টলটল করে চোখের পানি ফেলা এমন কাজ করা কি আর অত্তখানি সোজা। এমন কঠিন কাজটাকেই আমি ছোটবেলা থেকে ভালো বেসেছি। অভিনয় কি শুধুই হাসি-আর কান্না কিংবা দুটো সংলাপ আওড়ানো। মোটেই তা নয়। অভিনয়ে মিশে থাকে জীবনের কথা, উঠে আসে জীবনবোধের নানা কথা। অন্তরচক্ষুর আড়ালে ঘটে যাওয়া অনেক না বলা কথাই উঠে আসে অভিনয়ে। এমন কাজ নিয়েই স্বপ্ন দেখি। নিজের ভবিষ্যত্ আর ভালো লাগা দুটোকেই অভিনয় দিয়ে সাজাতে চাই। মনের গহীনে বোনা স্বপ্নটা একটু একটু করে ডালপালা মেলতে শুরু করেছে। এখন প্রতিদিনই একটা দৃশ্যই খালি মনে পড়ে, ‘রেডি....লাইট, ক্যামেরা, অ্যাকশন’। এভাবেই নিজের কল্পনা জগতের গল্প করছিলেন ইফতি। বর্তমানে সালভিন জসীম ইফতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
ইফতির দাদার বাড়ি ঢাকার অদূরে কেরানীগঞ্জ। শৈশব কেটেছে নারায়ণগঞ্জের চাষাঢ়ায়। বাবার ব্যবসার সুবাদে সেখানে থাকা। ভালো স্কুলে পড়ার ইচ্ছে নিয়ে ঢাকায় চলে আসে ইফতি। লেখাপড়ায় সব সময় সেরা সে। ভিকারুননেসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ইফতি।
বাংলাদেশের মিডিয়া সম্পর্কে অনুভূতি জানতে চাইলে বলেন- বর্তমানে আধুনিক যুগে সবকিছুতেই নতুনত্ব এসেছে। দিনে দিনে মিডিয়া আরো উন্নত হচ্ছে। এখন আমাদের অনেকগুলো টিভি চ্যানেল। প্রতিদিন প্রচুর অনুষ্ঠান প্রচার হচ্ছে। আমাদের মিডিয়া আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। ভবিষ্যতেও আরো হবে। নতুন প্রজন্মের মিডিয়ার প্রতি আগ্রহ বেড়েছে।
প্রতিষ্ঠা পেতে চান কিভাবে- প্রথমত আমি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে নিতে চাই। পরে আমি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হতে চাই।
