শিক্ষকের কথা

মনোযোগ দিয়ে পড়া বেশি লাভজনক

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ১৯:৩২
ফরহাদ আহমেদ। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। বাবা আব্দুল গফুর তালুকদার এবং মা ফাতেমা খাতুন। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় বরাবরই কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। হিরনপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসিতে প্রথম শ্রেণি পেয়ে সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনার্সে প্রথম শ্রেণিতে দ্বিতীয় এবং মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন ফরহাদ আহমেদ। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত। পড়াশোনা ও ভালো রেজাল্ট নিয়ে ফরহাদ আহমেদ বলেন, সব সময় শিক্ষকদের ক্লাস লেকচার মনোযোগ দিয়ে শুনতাম। এছাড়া আমি মনে করি পড়াশোনায় অনেক বেশি সময় দেয়ার চেয়ে মনোযোগ দিয়ে যতক্ষণ পড়া যায় সেটাই বেশি লাভজনক। ভালো ফলাফলের জন্য প্রেরণা পেয়েছেন মা ও শিক্ষকদের কাছ থেকে। ভালো ফলাফলের ক্ষেত্রে গ্রুপ করে পড়াশোনা কার্যকরী ভূমিকা রাখে বলে জানান তিনি। ফরহাদ আহমেদ আরো বলেন, মানুষের জীবনে অনেক স্বপ্নই থাকে। তবে একজন ভালো মানুষ হওয়া অনেক গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত একজন ভালো মানুষ হতে চাই। বিশ্বাস করি সামনে এগিয়ে যাবার জন্য দরকার আত্মবিশ্বাস। মন থেকে চাইলে সব পাওয়া যায় বলে মনে করেন তিনি। ফরহাদ আহমেদ জানায়, একটা ভাল কিছু সব সময়ই ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ভাল কিছুর সমষ্টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষকদের লেকচার শুনে সে অনুসারে নোট করা, প্রয়োজনীয় আপডেটসহ তা বার বার চর্চা করা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফরহাদ আহমেদ বলেন, সমসাময়িক বিষয়গুলোতে জ্ঞান রাখতে হবে। যার যে বিষয়টা ভালো লাগে তার সেটাই করা উচিত। এটা হলে তার সফলতার সম্ভাবনা শতভাগ নিশ্চিত।