দীর্ঘদিন পর টিভি নাটক লিখলেন তাজিন আহমেদ। অভিনয়, উপস্থাপনা আর লেখালেখি এই তিন মাধ্যমেই তার সফল পদচারণা। ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি নাটক লিখে সাড়া ফেলে দিয়েছিলেন বোদ্ধা মহলে। গুণী এই অভিনেত্রী তার সাম্প্রতিক কাজ নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিন-এর সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজুর রহমান
দীর্ঘদিন পর কোনো টিভি নাটক লিখলেন। মাঝের এই বিরতির কারণ কী ছিল?
না তেমন কোনো কারণ নেই। আসলে গড়পরতা কাজ আমার কখনোই ভালো লাগেনি। আর আমি নিজেও করিনি। তাই যে কাজটি মানুষের মনে একটুখানি আঁচড় লাগতে পারবে না, তা করে কী লাভ? সেই রকম গল্প বা প্লট মাথায় আসেনি বলেই হয়তো করা হয়নি। আর সময় গুনে তো কখনও কোনো কাজ করিনি।
এবারের এই নাটকটি প্রসঙ্গে বলুন।
‘তবুও স্বপ্ন দেখা’ নাটকটিতে এই সময়ের কথা বলার চেষ্টা করেছি। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জিয়াউদ্দিন আলম। আমার ‘গন্তব্য’, ‘সম্পর্ক’, ‘রাতের স্টেশন’ নাটকগুলোতে যে জীবনবোধের ছবি আমি আঁকতে চেষ্টা করেছিলাম সেই চেষ্টাটা আমার এই নাটকেও রয়েছে। আমি চেষ্টা করেছি যাতে একটি ডায়লগ শুনে মানুষ তার নিজের জীবনের সাথে তা রিলেট করতে পারে।
এ ছাড়া উপস্থাপনার কাজটিও করছেন নিয়মিত। এখন তো অহরহ একাধিক টিভি তারকা ও মডেলরা উপস্থাপকের চেয়ারে বসে যাচ্ছেন। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই।
না তাতে ক্ষতি নেই। কিন্তু ক্ষতি তো হয় তখনই যখন কেউ শুধু নিজের চেহারা দেখানোর জন্য উপস্থাপনায় বসেন এবং চ্যানেল তাকে নির্ধারণ করেন। কারণ এই কাজটি অনেক রিসার্চের। যদি ধরি এনটিভিতে আমার ‘টিফিনের ফাঁকে’ অনুষ্ঠানটি কিন্তু পুরোটাই একটা রিসার্চ ওয়ার্ক। এটা ৫০০ পর্ব ছুঁতে চলেছে। আমিসহ পুরো টিম এই অনুষ্ঠান নিয়ে গবেষণা না করলে কিন্তু অনুষ্ঠানটি এতদূর এগোতে পারত না। আমার মূল কথা হলো একজন উপস্থাপকের ভূমিকা কিন্তু অনেক।
আপনার উপস্থাপনার ব্যস্ততাটা শেয়ার করুন।
এখন দুটি চ্যানেলে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। একটি এনটিভিতে ‘টিফিনের ফাঁকে’, অন্যটি বৈশাখী টেলিভিশনে একটি রান্নার অনুষ্ঠান। এর বাইরে নতুন কিছু আইডিয়া নিয়ে ভাবছি। হয়তো সামনে থেকে একেবারে নতুন আইডিয়ার কিছু শুরু করব।
অভিনয় ও সংসার জীবন নিয়ে কেমন দিন কাটছে আপনার?
যেভাবে চলার...! রুমি (স্বামী) তো সারারাত মিউজিক করে এখন ঘুমুচ্ছে। মিউজিশিয়ানদের যা হয়। আর আমি যথারীতি আমার গান শোনা, এফএম-এর আড্ডা, আর সংসারের গোছগাছের পাশাপাশি নিয়মিত অভিনয় নিয়ে আছি। এই বেশ ভালো আছি।
আসছে ঈদে নতুন কী উল্লেখযোগ্য কাজ আসছে আপনার? পরিচালনায় আসার ইচ্ছে আছে কি?
ঈদে মুজাহিদুল ইসলাম তুষার ও জিয়াউদ্দিন আলমের দুটি নাটকের স্ক্রিপ্ট লিখছি। আরও কয়েকজনের নাটকের থিম নিয়ে আলোচনা চলছে। হয়তো সামনে দর্শকেরা দেখতে পারবেন। আর পরিচালনায় আসার কোনো ইচ্ছে বা পরিকল্পনা আপাতত আমার নেই। কারণ এখনও নিজেকে নির্মাতা হিসেবে যোগ্য মনে করি না।
