ধারাবাহিক রেকর্ডে শামীম শাহেদ

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২০:৫১
বরাবরের মতো এবারও ঈদুল ফিতরেও টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি জরিপে প্রথম স্থান অধিকার করল বাংলাভিশন। ঈদুল ফিতরের সপ্তাহব্যাপী ঈদ আয়োজনে প্রায় ২২টিরও অধিক চ্যানেল এবার দর্শক ধরার প্রতিযোগিতায় নামে। সেখানে প্রথম স্থান অধিকার করে বাংলাভিশন। দ্বিতীয় স্থান অর্জন করেছে এন টিভি, তৃতীয় স্থান অর্জন করেছে চ্যানেল আই। গত প্রায় তিন বছরে এই নিয়ে ৬টি ঈদে বাংলাভিশন প্রথম স্থান অধিকার করল। ‘তিন বছরের মধ্যে ৬টা ঈদে এক নম্বর হওয়া একই সঙ্গে বেশ আনন্দের এবং টেনশনের’, বললেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান ও নির্মাতা শামীম শাহেদ। চ্যানেলের সার্বিক এই সাফল্যের অন্যতম দাবিদার তিনি। ‘আমরা বরাবরই চেষ্টা করেছি দর্শকের চাওয়াকে টেলিভিশনের পর্দায় নিয়ে আসতে। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে। একই সাথে দর্শকবান্ধব অনুষ্ঠান নির্মাণের জন্য আমাদের সকল নির্মাতা ও প্রযোজকদের বিশাল ভূমিকা রয়েছে। এ ছাড়া সার্বিক বিচারে ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে সেরা অবস্থানে আছে বিটিভির ‘ইত্যাদি’। নাটক, অনুষ্ঠান এবং টক শোর মধ্যে টিআরপিতে সেরা দশে জায়গা করে নিয়েছে বাংলাভিশনের নাটক ‘চাপ’, ‘জামাই আদর’, ‘আরমান ভাই দ্য জেন্টেলমেন’, ‘আরমান ভাই হানিমুনে’, ‘সিকান্দার বক্স এখন বিরাট মডেল’। অনুষ্ঠানের মধ্যে ‘হুমায়ূন আহমেদের হাতে কয়েকটি নীল পদ্ম’, ঈদ আয়োজন, ঈদ আড্ডা, নাচের অনুষ্ঠান, টেলিফিল্ম ‘নিউ হাতেম আলী’ এবং চলচ্চিত্র ‘মোল্লা বাড়ির বউ’। তবে এই জরিপের পুরোটাই টিআরপি’র নিজস্ব অভিমত। যা সাধারণত একাধিক টিভি চ্যানেল ও বিভিন্ন কর্পোরেট কোম্পানি এই জরিপ থেকে চাহিদার সূচক নির্ণয় করে।