মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা বাতিলের আহবান

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:১৭
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা বাতিল করতে ইন্দোনেশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির একটি ইসলামপন্থী গোষ্ঠী। তাদের বক্তব্য প্রতিযোগিতার নামে নারীর পর্দাহীনতা মুসলিমদের শিক্ষার লঙ্ঘন। ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় ৬৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর বসার কথা রয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। দেশটির উলেমা কাউন্সিলের চেয়ারম্যান আমিদান সাবেরাহ জানান, চলতি মাসের শুরুর দিকে ইসলামপন্থী নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়া এবারের এই আসরের আয়োজক দেশ হওয়ার প্রতিবাদে কয়েকটি গোষ্ঠীর প্রতিবাদের প্রতিক্রিয়ায় ইসলামপন্থী নেতারা ওই বৈঠকে মিলিত হন। ওই গোষ্ঠীগুলোর প্রতিবাদের মুখে আয়োজক প্রতিষ্ঠান এই প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ‘বিকিনি’ পর্বটি বাদ দিতে সম্মত হওয়ার পরও ধর্মীয় নেতারা এই আয়োজনের প্রতিবাদ করেছে। দেশটির প্রভাবশালী এই ইসলামি কর্তৃপক্ষ প্রায়শই বিভিন্ন বিষয়ে ফতোয়া দিয়ে থাকে। এর মধ্যে ধূমপান ও যোগ ব্যায়ামের বিরুদ্ধে বিতর্কিত ফতোয়াও রয়েছে। আইনগতভাবে বাধ্য না হলেও দেশটির অনেক মুসলিম এই কর্তৃপক্ষের দেয়া ফতোয়া বা অনুশাসন মান্য করে।