সাম্প্রদায়িকতা ও মৌলবাদ রুখতে নজরুলের গান আজ জরুরি

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫০
আজ সমাজে যে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ মাথচাড়া দিয়ে উঠছে তা প্রতিহত করতে নজরুলের সাম্যের গান জরুরি উল্লেখ করে প্রয়াণ দিবসে কবিকে স্মরণ করেছেন বিশিষ্টজন। গতকাল জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত ‘আমারে দেবোনা ভুলিতে’ শীর্ষক এক অনুষ্ঠানে তারা শ্রদ্ধা প্রদানকালে এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশ স্মারক বক্তৃতা, বইয়ের মোড়ক উন্মোচন, নজরুল সম্মাননা পদক প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। ড. আবুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূর-উল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে রাইটার্স ফাউন্ডেশন প্রকাশিত তরুণ লেখক ও শিল্পী মোস্তারী পারভীন টিনার ‘নজরুলের ইসলামী গান ও ভক্তিগীতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই বইয়ের জন্য শিল্পী ‘স্বপ্না রায় স্মৃতি পদক’ পান। পরে বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ও কণ্ঠযোদ্ধা বুলবুল মহলানবীশকে নজরুল সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুস্তাফা নূর-উল ইসলাম বলেন, বাইশ বছর লেখালেখি করে নজরুল মানবতার কল্যাণে কাজ করে গেছেন। নজরুল আজও শাশ্বত চিরঞ্জীব। আজও আমরা তাঁর কাছ থেকে সাহস সংগ্রহ করি। গোলাম কুদ্দুস বলেন, নজরুল শিল্পী, শিক্ষক, স্বাধীনতার একজন সংগঠক হিসেবে কাজ করেছেন। শুধুমাত্র বিদ্রোহী কবিতার মাধ্যমে তিনি আজীবন আমাদের মাঝে বেেঁচ থাকবেন। ড. আনু মাহমুদ ‘অসামপ্রদায়িক নজরুলঃ প্রেক্ষিত ও গণসঙ্গীত শীর্ষক স্মারক বক্তৃতা প্রদানকালে বলেন, ১৯২১ সালে বিদ্রোহী কবিতার মধ্যদিয়ে নজরুল বাংলা কাব্য ও ছন্দের জগতে নতুন একটি ধারা প্রবর্তন করেন। তাঁর আর্বিভাব কবিগুরু রবীন্দ্রনাথকে সচকিত করেছিল। সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে গিয়ে শিল্পী বুলবুল মহলানবীশ বলেন, আমি ভালবেসেই নজরুল সঙ্গীত করি। এই পুরস্কার নজরুলের প্রতি আমার প্রণোদনা ও উত্সাহ আরও বাড়িয়ে দেবে। মোস্তারী পারভীন টিনা বাবা-মাকে তার সম্মাননা উত্সর্গ করে বাকি জীবন নজরুলের নিমিত্তে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষপর্বে নজরুলের গান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।