জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন কাল শুরু

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫০
‘সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে’ স্লোগান নিয়ে আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের দ্বাত্রিংশতম বার্ষিক সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করবেন পটুয়াখালীর প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষক নির্মল কুমার দাশগুপ্ত। তিনদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে সন্ধ্যা ছয়টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন লেখক সৈয়দ শামসুল হক। এবারের সম্মেলনে রবীন্দ্র পদকে ভূষিত করা হবে ইতিহাসবিদ অধ্যাপক সালাহউদ্দীন আহমদকে। তিনদিনের এই মিলনমেলায় ঢাকা ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় তিনশতাধিক শিল্পী অংশ নেবেন। প্রথম দিন থাকবে ‘জাহিদুর রহমান স্মৃতি পুরস্কার’ প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগত অংশগ্রহণকারী শিল্পীদের বাছাই প্রতিযোগিতা। মঙ্গলবার ধানমন্ডি ছায়ানট সংস্কৃতি ভবনে সাংবাদিক সম্মেলনে এ সব তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন। এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ড. সনজীদা খাতুন, সহ সভাপতি ড. নুরুল আনোয়ার, মিতা হক, বুলবুল ইসলাম, আমিনুল হক বাবুলসহ ফাহিমা সামাদ, আবুল ফারাহ পলাশ, লোকমান হাকিম, মাঈনুদ্দিন নাজির। আজ শুরু শিল্পী গণেশ হালুই এর একক চিত্রকলা প্রদর্শনী আজ শুরু হচ্ছে সমকালীন ভারতবর্ষের খ্যাতনামা শিল্পী গণেশ হালুই এর একক চিত্রকলা প্রদর্শনী। ‘বাস্তবের ছন্দ’ (Rhythm of Reality) শীর্ষক ১২ দিনব্যাপী এই চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। প্রদর্শনীতে মোট ৬৫টি চিত্রকর্ম স্থান পাবে। প্রদর্শনী আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে শিল্পী গণেশ হালুই এর প্রদর্শনীর উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলন এসব কথা জানান। সাংবাদিক সম্মেলনে শিল্পী গণেশ হালুই, কলকাতার আকার প্রকার গ্যালারির পরিচালক রিনা লাথ এবং বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ এর পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য রাখেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।