খাদ্য নিরাপত্তাকে স্থায়ী রূপ দিতে ফসলের নয়া জাত উদ্ভাবন করতে হবে - খাদ্যমন্ত্রী

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫১
খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য নিরাপত্তাকে স্থায়ী রূপ দিতে হলে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার মত ফসলের নতুন জাত উদ্ভাবন করতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘ক্লাইমেট চেঞ্জ ইফেক্টস অন বাংলাদেশ এগ্রিকালচার’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফোরাম ফর ইনফরমেশন ডেসিমিনেশন অন এগ্রিকালচার (ফিডা) ও সেনজেন্টা বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। খাদ্যমন্ত্রী বলেন, একসময় একটি খাদ্য ঘাটতির দেশ হিসেবে বাংলাদেশ সাহায্য অথবা খাদ্য কেনার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো। সে অবস্থা থেকে উত্তরণ ঘটেছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গত দু’বছর বাংলাদেশ কোন চাল আমদানি করেনি বলে তিনি জানান। ফিডা’র সভাপতি কাওসার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক ড. আসাদুজ্জামান, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জয়নাল আবেদীন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মাহবুব আলী প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক কাওসার রহমান সম্পাদিত ‘ক্লাইমেট চেঞ্জ ইফেক্টস অন বাংলাদেশ এগ্রিকালচার’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।