জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জেন্ডার সমতায় অগ্রগতিতে সন্তোষ

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫১
এশিয়ান ফোরাম অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্টের (এএফপিপিডি) নির্বাহী পরিচালক রেমন সেন পাসকোয়েল স্বাস্থ্য সেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জেন্ডার সমতার ক্ষেত্রে বাংলাদেশের লক্ষণীয় অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত্ করে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাত্কালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লি¬ষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় এএফপিপিডি’র নির্বাহী পরিচালক বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এএফপিপিডি এর অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশু স্বাস্থ্য রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে এবং উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। সবার জন্য স্বাস্থ্য এবং মহিলা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে প্রত্যন্ত এলাকায় সকলের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু সংসদ সদস্যগণ জনগণের নির্বাচিত প্রতিনিধি তাই তারা এসব কাজে সরাসরি ভূমিকা রাখলে এ চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে। স্পিকার বাংলাদেশে স্বাস্থ্য, মাতৃমৃত্যুর হার হ্রাস ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তার আন্তরিকতা ও সহযোগিতার জন্য এএফপিপিডি-এর নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে এএফপিপিডি-এর সার্বিক সহযোগিতা কামনা করেন।