নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহবান ডেপুটি স্পিকারের

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫২
ডেপুটি স্পিকার শওকত আলী ড্রেজিংয়ের মাধ্যমে নদী ভাঙন রোধ ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি গতকাল বাংলাদেশ জাতীয় সংসদের আইপিডি সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্ট (আইইডি) আয়োজিত পদ্মা নদীর ভাঙন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। তিনি বলেন, নদী মাতৃক বাংলাদেশে নদীই মানুষের জীবন। কিন্তু নদীতে পলি জমে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নদী ভাঙনের সৃষ্টি হয়ে উপকূলবর্তী এলাকার জনগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই নদীতে ড্রেজিং-এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগণের পুনর্বাসনের জন্য খাদ্য, জমি এবং নগদ টাকা দরকার। এক্ষেত্রে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা দিতে হবে। আবদুল্লাহ জাফরের সঞ্চালনায় এবং আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, অধ্যাপক এম এ মান্নান এমপি এবং নূর আফরোজ আলী এমপি অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের চিফ প¬ানিং জহিরুল ইসলাম, প্রকৌশলী ইনামুল হক, প্রকৌশলী মমিনুল হক সরকার, শরীয়তপুর সমিতির সভাপতি মোঃ আনিসউদ্দিন মিয়া, প্রদীপ কর্মসূচির সিএসও শীলা তাসনিম হক এবং নুসার নির্বাহী পরিচালক মাজেদা শওকত আলী বক্তৃতা করেন। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন মাস্টার দিদারুল ইসলাম।