দো দিল বান্ধে এক ডোরি সে

নাটকীয় প্রেমের গল্প

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ১৯:৫২
শিবানির বাবা-মা দু’জনেই প্লেন ক্রাশে মারা গেছেন অনেক আগেই। সেই থেকে দাদার কাছে আছে সে। দাদাই ওকে ছোটবেলা থেকে দেখাশোনা করছেন। দাদাই তাকে বড় করে তুলেছেন। শিবানির দাদা রক্ষণশীল মনের মানুষ। সবকিছুতেই যথাযথ নিয়মকানুন প্রয়োগ করে চলতে চান। শিবানিকেও তিনি নিজের পরিকল্পনা মাফিক চালিত করতে চান। দাদার কথামতো চলতে গিয়ে সমস্যা হলেও শিবানি তার নির্দেশনা মেনে চলতে আপ্রাণ চেষ্টা করে। দাদাও নাতনির আচরণে সন্তুষ্ট। শিবানিদের বাড়িতে চাকর হিসেবে রয়েছে রঘুর। সহজ সরল ভদ্র নম্র নিরীহ টাইপের ছেলে হিসেবে রঘু দাদা-নাতনির অত্যন্ত প্রিয়ভাজন। রঘুও তাদের সেবায় সার্বক্ষণিকভাবে নিয়োজিত। প্রয়োজনে তাদের জন্য জীবন দিতে প্রস্তুত। শিবানি ভালোবাসা অভিমন্যু নামের এক যুবককে। ছোটবেলা থেকেই অভিমন্যুর সঙ্গে শিবানির বন্ধুত্ব। অভিমন্যুর সঙ্গে শিবানির বিয়ে ঠিক হয় উভয় পক্ষের পারিবারিক সম্মতিতে। সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে গেলেও শেষ পর্যন্ত অভিমন্যুর সঙ্গে শিবানির বিয়ে ভেঙে যায়। দু’জনের মধ্যে সম্পর্ক চুকে যায়। তেমন পরিস্থিতিতে নাটকীয়ভাবে শিবানির পাশে এসে দাঁড়ায় তাদের বাড়ির কাজের ছেলে রঘু। শিবানির সঙ্গে শিক্ষা-দীক্ষায় সামাজিক মর্যাদায় রঘুর অনেক ব্যবধান থাকলেও এক সময় তা ঘুচে যায়। শিবানির সঙ্গে তাদের বাড়ির চাকর রঘুর বিয়ে হয়ে যায়। বাড়িতে কাজের লোক হিসেবে সার্বক্ষণিক তাদের ফাই ফরমায়েশ খেটেছে সেই রঘুকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণের পর শিবানি নতুন জীবনে অভ্যস্ত হতে প্রাণপণ চেষ্টা করে। বিচিত্র অভিজ্ঞতা অর্জন করে। শিবানি-রঘুর নতুন জীবনের নানা উপলব্ধি ও নাটকীয় ঘটনাবলি নিয়ে আবর্তিত হচ্ছে ‘দো দিল বান্ধে এক ডোরি সে’ সিরিয়ালের কাহিনী। জিটিভির নতুন এই সিরিয়ালের গল্পে অনেক নাটকীয় চমক রয়েছে। যা দর্শক বেশ উপভোগ করছেন। শুরুতেই অনেক টিভি সিরিয়াল দর্শকদের ভালোভাবে আকৃষ্ট করতে পারে না। ‘দো দিল বান্ধে এক ডোরি সে’ সিরিয়ালে গল্পের নাটকীয়তা এবং পাত্রপাত্রীদের অবস্থান দর্শকদের সিরিয়ালটি দেখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। এই সিরিয়ালে রঘু চরিত্রে রূপদান করছেন আরহান ভেল। স্টার প্লাস চ্যানেলের ‘প্রতিজ্ঞা’ সিরিয়ালে রাগী যুবক কৃষ্ণার চরিত্রে অভিনয় করে রাতারাতি ছোটপর্দার সুপারস্টারে পরিণত হয়েছেন আরহান ভেল। কৃষ্ণা চরিত্রের সম্পূর্ণ বিপরীত ইমেজের একটি সাদামাটা সহজ সরল স্বভাবের তরুণ রঘুর চরিত্র রূপায়ন করছেন ‘দো দিল বান্ধে এক ডোরি সে’ সিরিয়ালে। অভিনীত চরিত্রটি যথার্থভাবে ফুটিয়ে তুলতে যথেষ্ট সিরিয়াস বলে মনে হচ্ছে আরহানকে। কৃষ্ণা ইমেজের বলয় ভেঙে দর্শকদের সামনে নিজেকে ভিন্নভাবে প্রতিষ্ঠিত ও পরিচিত করতে চাইছেন তিনি। শিবানি চরিত্রে অভিনয় করছেন মানসী শ্রীবাস্তব। জিটিভিতে এর আগে তাকে ‘ইয়াহা ম্যায় ঘর ঘর খেলি’ সিরিয়ালে দেখা গেছে। ‘রাব সে সোহনা ইশক’ সিরিয়ালেও অভিনয় করেছেন মানসী। এবার শিবানি চরিত্রটিকে আগের চেয়ে চ্যালেঞ্জিং মনে করছেন তিনি। দর্শক তাকে শিবানি চরিত্রে এরইমধ্যে গ্রহণ করেছেন। এই সিরিয়ালে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অলোকনাথ, রুচা গুজরাটি, রবি ভাটিয়া, পুনম প্রীত প্রমুখ। জিটিভিতে সপ্তাহের প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯টায় ‘দো দিল বান্ধে এক ডোরি সে’ সিরিয়ালটি দেখানো হচ্ছে।