সরকারের চলতি মেয়াদেই নিরাপদ খাদ্য আইন পাস করা হবে জানিয়ে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এ আইন বাস্তবায়নের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
বুধবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন (নিপসম) মিলনায়তনে স্যানিটারি ইন্সপেক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (সিয়াব)-এর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, নিরাপদ আমিষের সরবরাহ নিশ্চিত করতে স্লটার আইন পাস করা হচ্ছে।
সিয়াব-এর সভাপতি এম এ রকিব (শিমূল চৌধুরী)’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম মওলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপিকা আলেয়া মওলা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মতি উদ্দিন আহমেদ, সিয়াব-এর মহাসচিব মো. সুলতান আহমেদ সিদ্দিকী, সহসভাপতি মোশারফ হোসেন মিলন প্রমুখ।
