এবার ভারতের কাছে শোচনীয় হার

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৬
বাংলাদেশ হকি দল ৯ম এশিয়া কাপে গ্রুপ পর্বে শেষ খেলায় ভারতের কাছে শোচনীয়ভাবে হেরেছে। সান্ত্বনা শুধু এই যে শিরোপা প্রত্যাশী ভারতের কাছে ৯-১ গোলে হারলেও দলটির পোস্টে একবার বল পাঠাতে পেরেছে জাতীয় দল। পেনাল্টি কর্নার মারায় অভিজ্ঞ অধিনায়ক মামুনুর রহমান চয়ন একবার সুযোগ পেয়ে তা থেকেই গোলটি আদায় করেন। ভারতের পক্ষে দুই ডিফেন্ডার ভিআর রঘুনাথ ও রুপিন্দার সিং। উভয়েই তিনটি করে পেনাল্টি কর্নারকে পোস্টে পাঠানোর মুন্সিয়ানা দেখান। ৭০ মিনিটের এ খেলাটির অধিকাংশ সময়েই বৃষ্টি পড়ছিল। বাংলাদেশের সান্ত্বনার গোলটি আসে বিরতির আগের মিনিটে। পাকিস্তানী কোচ নাভিদ আলম মালয়েশিয়ায় যাওয়ার আগে যে কোন দলকে হারাতে পারার মতো স্পর্ধিত মন্তব্য করলেও বাস্তবে তার ছিটেফোঁটা নজির মেলেনি। অপরদিকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারত এ জয়ের পর ‘বি’ গ্রুপে শীর্ষস্থান পেয়ে শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পেল স্বাগতিক মালয়েশিয়াকে। অপরদিকে ‘এ’ গ্রুপে শীর্ষস্থান পাওয়া পাকিস্তানের প্রতিপক্ষ হলো দক্ষিণ কোরিয়া। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল দুটি। এবারের আসরে বাংলাদেশ দলকে প্রতিপক্ষের জালে গোল দেয়ার চাইতে গোল হজম করতে হয়েছে বেশি। কোরিয়ার কাছে ৯-০ গোলের হার দিয়ে প্রতিযোগিতা শুরুর পর দুর্বল ওমানের কাছে ৪-২ ব্যবধানে পরাস্ত হয় বাংলাদেশ দল। গতকাল ভারতের বিপক্ষে খেলাটির আগে তাই আলোচনার বিষয় ছিল হারের ব্যবধান। ভারত প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে গেলে শংকাটা আরো বেড়ে যায়। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক হয়ে খেলার কারণে চারটির বেশি গোল হজম করতে হয়নি খেলোয়াড়দের। ষষ্ঠস্থান লাভের আশায় এবার এশিয়া কাপ খেলতে গেলেও এখন সপ্তমস্থান পায় কিনা তাই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ক্রীড়ামোদীরা।